Amazon layoff report: প্রায় ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করছে অ্যামাজন? তেমনই জল্পনা শুরু হয়েছিল। ওরাকেলের ছাঁটাইয়ের ধাক্কা কাটার আগে সেই জল্পনা সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছিল। যদিও অ্যামাজনের তরফে দাবি করা হয়েছে যে সেরকম কিছু হচ্ছে না। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের তরফে দাবি করা হয়েছে যে প্রায় ১৪,০০০ জন কর্মীকে ছাঁটাইয়ের যে জল্পনা ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যো।
কয়েক মাসের মধ্যে ৩০,০০০ কর্মীকে ছাঁটাই
আসলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হচ্ছিল যে এক বছরের মধ্যে অ্যামাজনে তৃতীয় দফায় ছাঁটাই করা হবে। কারণ কয়েক মাসের কোম্পানি ইতিমধ্যেই ৩০,০০০ জনকে ছাঁটাই করেছে। চলতি বছরের জানুয়ারিতে ১৬,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। আর ২০২৫ সালের শেষের দিকে ১৪,০০০ জনকে ছাঁটাই করেছিল অ্যামাজন। সেই রেশ ধরে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল যে আগামী মে’র মধ্যে বিশ্বব্যাপী আরও প্রায় ১৪,০০০ জন কর্মীকে বরখাস্ত করার পরিকল্পনা করছে ওই সংস্থা। ছাঁটাই করা হতে পারে মিড-লেভেল ম্যানেজার-সহ বিভিন্ন স্তরের কর্মীদের।
এবারের জল্পনা ওড়াল অ্যামাজন
যদিও অ্যামাজন ছাঁটাইয়ের দাবি অস্বীকার করেছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানির একজন মুখপাত্র বলেছেন যে অনলাইনে ছড়িয়ে পড়া এই দাবিগুলি ভুল এবং তথ্যের উপর ভিত্তি করে নয়। এই প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে যখন কোম্পানির মধ্যে পুনর্গঠন নিয়ে জল্পনা বাড়ছে, বিশেষ করে যখন প্রযুক্তি শিল্পে অটোমেশন এবং অপারেশনাল এফিসিয়েন্সি নিয়ে আলোচনা চলছে।

এআই এবং কার্যকারিতার উপর ফোকাস অ্যামাজনের
এমনিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিকাঠামোতে তার বিনিয়োগ ক্রমাগত বাড়াচ্ছে অ্যামাজন। কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে-সঙ্গে কয়েকটি নির্দিষ্ট ভূমিকার প্রয়োজনীয়তা হয়তো আগের মতো বড় আকারে থাকবে না। এই চাকরিগুলিতে ছাঁটাইয়ের ঝুঁকি আছে বলেও বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল।