Asim Munir on Operation Sindoor। অপারেশন সিঁদুরের সময় আল্লাহ নাকি সহায়তা করেছিল পাকিস্তানকে

Spread the love

অপারেশন সিঁদুরের সময় নাকি আল্লাহ পাকিস্তানকে সহায়তা করেছিল। এবং সেই বিষয়টি নাকি নিজে অনভব করেছিলেন পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স ফিল্ড মার্শাল অসিম মুনির। পাক সামরিক কর্তা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের মাঝখানে তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান কিছু ঐশ্বরিক সাহায্য পাচ্ছেন। ইসলামাবাদে জাতীয় উলেমা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আল্লাহ সাক্ষী আছেন যে, এই দুঃসময়ে আল্লাহর সাহায্য এসেছে। আমরা আল্লাহর সাহায্য আসতে দেখেছি এবং অনুভব করেছি।

মুনির তাঁর বক্তৃতায় আধুনিক পাকিস্তানকে নবির ইসলামিক রাষ্ট্রের সাথে তুলনা করেন। তিনি তাঁর বক্তব্যে বারবার কোরানের আয়াতগুলির উল্লেখ করে দাবি করেন, ইসলামের জন্য পাকিস্তান কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বিশ্বে ৫৭টি মুসলিম দেশ রয়েছে, তবে ঈশ্বর পাকিস্তানকে একটি বিশেষ আশীর্বাদ দিয়েছেন। আল্লাহ পাকিস্তানকে শরিফদের রক্ষক বানিয়েছেন।’ এদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুনির বলেন, আফগান তালিবানকে পাকিস্তান ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তিনি দাবি করেন, পাকিস্তানে অনুপ্রবেশকারী জঙ্গিদের মধ্যে আফগানিস্তানের লোকজনও রয়েছে। তিনি আরও বলেন, আল্লাহর হুকুম ব্যতীত কেউ জিহাদের ফতোয়া জারি করতে পারে না।

উল্লেখ্য, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ শুধু পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করা হয়েছিল। একই সঙ্গে ভারতের অসামরিক এলাকায় হামলা শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। এরপর ভারতও উপযুক্ত জবাব দেয় এবং তার অনেক বিমানঘাঁটি ধ্বংস করে দেয়। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপর ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে শতাধিক সন্ত্রাসবাদীকে খতম করে ভারত। এর পরের দিনগুলিতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। পাকিস্তান ভারতীয় বিমানঘাঁটিগুলিতে আঘাত হানার চেষ্টা করেছিল। পালটা জবাবে পাকিস্তানের নাভিশ্বাস তুলে দিয়েছিল ভারত। পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি অকেজো করে দিয়েছিল ভারত। রাওয়ালপিন্ডি, করাচি, লহোরের মতো শহরে আছড়ে পড়েছিল ভারতীয় মিসাইল। এই আবহে পাকিস্তান সংঘর্ষবিরতির জন্য কাতর আর্তি জানিয়েছিল ভারতের কাছে। সেই আর্তি মেনে অপারেশন সিঁদুর স্থগিত করতে সহমত হয়েছিল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *