বাংলাদেশে ফের একজন হিন্দু ব্যক্তি খুন হলেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকায়। রিপোর্ট অনুযায়ী, মৃত ব্যক্তির নাম বজেন্দ্র বিশ্বাস, বয়স ৪৮ বছর। তিনি পেশায় একজন আনসার সদস্য ছিলেন। উল্লেখ্য, আনসার হল বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী। সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন বজেন্দ্র। জানা গিয়েছে, তাঁর সহকর্মীর বন্দুকের গুলিতেই প্রাণ হারিয়েছেন বজেন্দ্রবাবু। ঘটনায় নোমান মিঞাঁ নামে এক আনসার সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। তার বন্দুকের গুলিতেই আহত হয়েছিলেন বজেন্দ্র বিশ্বাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্ব পালন করছিলেন বজেন্দ্র বিশ্বাস এবং নোমান। সন্ধ্যা নাগাদ একসঙ্গেই বসেছিলেন দু’জনে। তখন নোমানের বন্দুক থেকে নাকি ‘ভুল করে’ গুলি গিয়ে লাগে বজেন্দ্র বিশ্বাসের শরীরে। জানা গিয়েছে, বজেন্দ্র বিশ্বাসের বাঁ ঊরুতে লেগেছিল সেই গুলি। রক্তপাত হতে থাকে এর জেরে। তারপরই সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেই সময় বজেন্দ্র বিশ্বাসের শারীরিক পরীক্ষা করে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্ত শুরু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এদিকে অভিযুক্ত নোমানকে পুলিশ গ্রেফতার করে। জেরায় সেই আনসার সদস্য দাবি করে, সে নাকি মজা করছিল। তখন তার শটগান থেকে গুলি চলে যায়। তা গিয়ে লাগে বজেন্দ্র বিশ্বাসের গায়ে। অসাবধানতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নোমান। যদিও তার দাবি বিশ্বাসযোগ্য নয়। এই পরিস্থিতিতে পুলিশ আরও তদন্ত চালাচ্ছে। জানা গিয়েছে, নিহত বজেন্দ্র বিশ্বাসের পরিবারের তরফ থেকে মামলা করা হতে পারে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ থাকতে পারে কি না, তা জানতে তাই তদন্ত জারি রেখেছে পুলিশ।
