২৬ বছরেই সব শেষ! আত্মহত্য়া জনপ্রিয় টেলি নায়িকার

Spread the love

বছর শেষে ফের মন খারাপ করা খবর। মাত্র ২৬ বছর বয়সেই নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নিলেন কন্নড় টেলিভিশন অভিনেত্রী নন্দিনী সিএম। সোমবার বেঙ্গালুরুতে যে বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন, সেখানেই আত্মহত্যা করেছেন নন্দিনী। পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কেঙ্গেরি এলাকায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সেই নোটের উদ্ধৃতি দিয়ে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন অভিনেত্রী হতাশা এবং ব্যক্তিগত সমস্যার সাথে লড়াই করছিলেন। সুইসাইড নোটে নন্দিনী জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান না বা সরকারী চাকরি করতে চান না এবং তার অভিনয় ক্যারিয়ার চালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিবারের তরফে জীবনে থিতু হওয়ার চাপ আসছিল। তাই জীবনটাই শেষ করে দিলেন নন্দিনী!

পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনওরকম ফাউল প্লে-র সম্ভাবনা উঠে আসেনি। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘তদন্ত এগোলেই আরও বিস্তারিত জানা হবে’। অভিনেত্রী বর্তমানে একটি তামিল ধারাবাহিক ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। তিনি সিরিয়ালে কনক এবং দুর্গা- ডবল রোলে অভিনয় করেছিলেন। ভাগ্যের ফের বোধহয় একেই বলে, শোতে সম্প্রতি একটি দৃশ্য প্রদর্শিত হয়েছিল, যেখানে তাঁর চরিত্রটি বিষ খেয়েছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপতত ভাইরাল নন্দিনীর সিরিয়ালের সেই দৃশ্য। নন্দিনী কন্নড় টেলিভিশনে পার্শ্ব চরিত্রে কাজ করে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন যেমন জীভা হুভাগিড়ে, সংঘর্ষ, মধুমাগালু এবং নীনাদে না। ইনস্টাগ্রামে তাঁর শেষ পোস্ট ছিল গৌরীর একটি প্রোমো। সম্প্রতি, তিনি ইনস্টাগ্রামে নিজের একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভালোবাসুন। তিনি নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করতেন।

নন্দিনীর আত্মহত্যার সিদ্ধান্তে শোরগোল কন্নড় ইন্ডাস্ট্রিতে। বছর শেষে এই দুঃসংবাদ সহজে হজম হচ্ছে না সিরিয়ালপ্রেমীদের। এখন গৌরী সিরিয়ালে নন্দিনীর জায়গায় কে আসবেন তা নিয়ে চলছে জল্পনা। অন্যদিকে পরিবারের সঙ্গে মনোমালিন্য়ের জেরে এত বড় সিদ্ধান্ত কেন নিলেন নন্দিনী, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *