Narendra Modi on Khaleda Zia। খালেয়া জিয়ার প্রয়াণে শোকবার্তা মোদীর

Spread the love

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রয়াত হয়েছেন আজ সকালে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জানতে পেরেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন মোদী। আর আজ খালেদার মৃত্যুতে তাঁর সঙ্গে পুরনো দুটো ছবি পোস্ট করেন মোদী। ২০১৫ সালে খালেদা জিয়ার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়েছিল। ছবি দুটি সেই সাক্ষাতের সময়ের।

খালেদার প্রয়াণে মোদী লেখেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে তাঁর ভূমিকা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। ঢাকায় ২০১৫ সালে তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। তাঁর দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার দুই দেশের অংশীদারিত্বকে পরিচালিত করবে বলে আমরা আশা করি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।’

এদিকে খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে ‘রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নানা মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *