Bengal Industrial Projects Update: রাজ্যে বিনিয়োগের জন্য আরও জমি চেয়েছে লারসেন অ্যান্ড টুবরো গ্রুপের সংস্থা এলটিএম। আগামী পাঁচ বছরে ১,৬০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে নেওয়াটিয়া গ্রুপ। আবার কল্যাণী বিমানবন্দর প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে আদানি গ্রুপ।
১,৬০০ কোটি টাকা বিনিয়োগ নেওয়াটিয়া গ্রুপ
অগস্টের শেষ সপ্তাহে বিনিয়োগ সংক্রান্ত একাধিক সুখবর পেল পশ্চিমবঙ্গ। অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চারের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে স্বাস্থ্যখাতে পশ্চিমবঙ্গে কমপক্ষে ১,৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মোট পাঁচটি হাসপাতাল প্রকল্পে সেই লগ্নির পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর পার্থিব নেওয়াটিয়া।
হাওড়ায় বিশেষ গুরুত্ব আরোপ
বিনিয়োগের পরিকল্পনার বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, নেওয়াটিয়া ভাগীরথী প্রকল্পের আওতায় হাওড়ায় মহিলা এবং শিশুদের জন্য একটি হাসপাতাল তৈরি করা হবে। ১২০টি শয্যার সেই হাসপাতালের ক্ষেত্রে বিনিয়োগের অঙ্কটা ধরা হয়েছে ১৫০ কোটি টাকার মতো। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৯ সালের এপ্রিলের মধ্যেই হাসপাতাল চালু হয়ে যাবে বলে জানিয়েছেন পার্থিব।
হাওড়ায় কেন সেই হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, সেই সিদ্ধান্ত ব্যাখ্যা করে অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, তাঁদের যে চারটি হাসপাতাল আছে, তাতে মোট ৭০০টি শয্যা আছে। আর হাওড়াকে তাঁরা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করছেন, যেখানে মহিলা এবং শিশুদের জন্য স্পেশালিস্ট চিকিৎসার চাহিদা ক্রমশ বাড়ছে।

কোথায় কোথায় হাসপাতাল তৈরি করা হবে?
সেইসঙ্গে তিনি জানিয়েছেন, কলকাতার তারাতলায় মাল্টি-স্পেশালিটি হাসপাতাল, নিউ টাউনে মাল্টি-স্পেশালিটি হাসপাতাল এবং দুর্গাপুরে মহিলা ও শিশুদের জন্য বিশেষ হাসপাতাল তৈরি করা হবে। তাছাড়া শিলিগুড়িতেও একটি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন অম্বুজা নেওয়াটিয়া হেলথকেয়ার ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর। তিনি জানিয়েছেন, দুর্গাপুরের হাসপাতালের জন্য অমিত মেটালিক্সের সঙ্গে হাত মেলানো হয়েছে।
TM-কে আরও জমি দেওয়া হবে, শীঘ্রই নয়া ভবন
আবার লারসেন অ্যান্ড টুবরোর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এস সুব্রমনিয়াম জানিয়েছেন, নিউ টাউনের সিলিকন ভ্যালিতে এলটিএমের গ্লোবাল ডেলিভারি এবং আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স সেন্টারের দুটি টাওয়ার চালু করা হয়েছে। আরও চারটি টাওয়ার তৈরির অনুমোদন ইতিমধ্যে মিলেছে। খুব শীঘ্রই ক্যাম্পাসে আরও দুটি ভবন তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন লারসেন অ্যান্ড টুবরোর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর।
কল্যাণীর দিকে নজর আদানি গোষ্ঠীর
আবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডেটা সেন্টার তৈরির জন্য এলটিএমকে যাতে ১০ একর জমি দেওয়া হয়, সেজন্য হিডকোকে নির্দেশ দিয়েছেন। যিনি আরও জানিয়েছেন যে কল্যাণী এয়ারপোর্টে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি।