আজ বহু বছর ধরে বাংলার এক নম্বর রিয়েলিটি শো জি বাংলার দাদাগিরি। শুক্র-শনিবারে টিভির সামনে বসে পড়েন সকলে। বয়স ও পেশাভেদেই এতদিন দর্শক পছন্দ করে এসেছেন এই অনুষ্ঠান। যদিও চলতি সিজনে এক বড় বদল এসেছে দাদাগিরিতে। এতদিন এর সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ১১ নম্বর সিজন থেকে সেই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা দেব।
ইন্ডাস্ট্রির শুরুর দিনগুলোয় কম চ্যালেঞ্জের মুখে পড়েননি। কোনো কানেকশন ছাড়াই নিজেকে টলিউডে প্রতিষ্ঠিত করেছেন। তবে উচ্চারণ নিয়ে এখনো পড়েন কটাক্ষে। সেই ছেলেটাই বাংলার অন্যতম এলিট কুইজ শো দাদাগিরি সঞ্চালনা করবেন শুনে অনেকেই নাক কুঁচকেছিলেন। তবে সমালোচকদের মুখে ঝামা ঘষে, দুর্দান্তভাবে সঞ্চালনা করে যাচ্ছেন। দর্শকরাও আপন করে নিয়েছেন ‘নতুন দাদা’কে।
সৌরভের জায়গায় দেবই কেন? দাদাগিরির স্টেজ দাঁড়িয়েই এই নিয়ে জবাব দিলেন শো-এর পরিচালক অভিজিৎ সেন। এই নিয়ে অভিজিৎ বলেন, ‘প্রথমত দেব নিজে একজন সুপারস্টার। কিন্তু দেব খুব মাটির মানুষ। দেবের মধ্যে কোনোরকম অহংকার নেই। দাদাগিরির এতগুলো এপিসোড হয়েছে তোমরা সবাই দেখেছ দেব সবাইকে খুব সম্মান দেয়, ভালোবাসে, বন্ধুর মতো মেশে, দাদার মতো মেশে, ভাইয়ের মতো মেশে, ঘরের ছেলের মতো মেশে, বা পাশের বাড়ির ছেলের মতো হয়ে যায়।’
‘কোনোদিন ‘আমি দেব, আমি এত বছর ধরে কাজ করছি’, এরকম সুলভ আচরণ ও কখনো টিমে কারও সঙ্গে করে না, প্রতিযোগীদের সঙ্গেও করে না। বরং ও সাহায্য করে যাতে সব প্রতিযোগী সঠিক উত্তর দিতে পারে। ও চায় সবাই পারুক। কেউ সঠিক উত্তর দিলে সবচেয়ে বেশি খুশি বোধহয় ও হয়।’, দেবকে প্রশংসায় ভরালেন অভিজিৎ।

প্রসঙ্গত, টলিউড অভিনেতা দেব, পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০০১ সালে এসেছিল টনিক। এরপর প্রজাপতি, প্রজাপতি ২, প্রধানের মতো সিনেমায় দর্শকরা ভিড় করেছে প্রেক্ষাগৃহে। সব কটি সিনেমাই হিট তকমা পেয়েছে।
প্রসঙ্গত, টলিউড অভিনেতা দেব, পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ২০০১ সালে এসেছিল টনিক। এরপর প্রজাপতি, প্রজাপতি ২, প্রধানের মতো সিনেমায় দর্শকরা ভিড় করেছে প্রেক্ষাগৃহে। সব কটি সিনেমাই হিট তকমা পেয়েছে।