Bengal Oil and Natural Gas Exploration। নদিয়া, মুর্শিদাবাদ-সহ ৪ জেলায় তেল ও গ্যাস উঠবে এবার?

Spread the love

Bengal Oil and Natural Gas Exploration: পশ্চিমবঙ্গের চারটি জেলায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ওএনজিসিকে অনুমতি দিল রাজ্য সরকার। সেই তালিকায় আছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার বিধানসভায় শিল্প ও বাণিজ্য দফতরের বাজেট পেশের সময় শিল্পমন্ত্রী তাপস জানিয়েছেন, ২০২৫ সালের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়মের আওতায় ভারতের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনকারী সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনকে (ওএনজিসি) সেই অনুমোদন দেওয়া হয়েছে। সবমিলিয়ে রাজস্বও বাড়বে রাজ্যের।

অশোকনগর থেকে প্রায় ১০৪ কোটি টাকা রাজস্ব আসবে, ধারণা রাজ্যের

তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া মিলিয়ে মোট ২,৮৭২.৬ বর্গফুটের জায়গায় তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে ওএনজিসিকে। অশোকনগর প্রকল্প রাজ্য সরকার প্রায় ১০৪ কোটি টাকা রাজস্ব পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর বাকি তিন জেলায় অনুমোদনের ক্ষেত্রে শিল্পমন্ত্রী বলেছেন, ‘চুক্তি অনুযায়ী, যা আয় হবে, তার থেকে রাজ্যের কোষাগারে রাজস্ব ঢুকবে।’

রাজ্যে আরও বিনিয়োগ বাড়বে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ

সবমিলিয়ে ওই জোড়া প্রকল্পের ফলে রাজ্যে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী শিল্প দফতর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, পেট্রোলিয়াম ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। গড়ে উঠবে অনুসারী শিল্প। সেইসঙ্গে আরও বেশি করে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ করা হবে। পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনও হবে বলে আশাপ্রকাশ করেছেন শিল্প দফতরের আধিকারিকরা।

রানাঘাট ও কনকপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, আগেই জানায় কেন্দ্র

এমনিতে অনেকদিন ধরেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে প্রাকৃতিক গ্যাস এবং তৈল ভাণ্ডারের অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি। ২০২৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ২,৭৩০ মিটার পর্যন্ত খনন করে উত্তর ২৪ পরগনার কনকপুলে (গোবরডাঙা ও মসলন্দপুর সংলগ্ন এলাকা) প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। আবার ২,৭১৯ মিটার পর্যন্ত খনন করে নদিয়ার রানাঘাটেও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *