Bilawal Bhutto welcomed with FA9LA। পাকিস্তানে নিষিদ্ধ ধুরন্ধর সিনেমায় ব্যবহৃত FA9LA গানে স্বাগত জানানো হল বিলাওয়ালকে

Spread the love

সাম্প্রতিককালে বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। পাকিস্তানের করাচির আন্ডারওয়ার্ল্ড এবং সন্ত্রাসবাদীদের যোগ দেখানো হয়েছে এই সিনেমায়। আর তাতেই জ্বালা ধরেছে পাকিস্তানের। সেই দেশে সিনেমাটি নিষিদ্ধ। এমনকী মধ্যপ্রাচ্যের ৬টি দেশেও এই সিনেমা রিলিজ আটকে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বক্সঅফিসে ঝড় তুলেছে রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত ধুরন্ধর। তবে এই সিনেমাতেই ব্যবহৃত জনপ্রিয় গান ‘FA9LA’ চালিয়ে স্বাগত জানানো হয় পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো।

প্রসঙ্গত, করাচির লিয়ারি টাউন এলাকায় পিপিপির রাজনৈতিক যোগের একটি কাল্পনিক কাহিনী ‘ধুরন্ধর’। সেখানে ভারতের গুপ্তচর নাম, পরিচয় বদলে গ্যাঙে ঢুকে পড়েছে। সেই সিনেমায় করাচির ডন রহমান ডাকাতের চরিত্রে অভিনয় করেন অক্ষয় খান্না। একটি দৃশ্যে অক্ষয় খান্নার ওপর চিত্রিত এই FA9LA গানটি। গানটি গেয়েছেন বাহরিনের র‍্যাপার ফ্লিপারচি। এই গানটি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর বাস্তব জীবনে বিলাওয়াল ভুট্টোকে স্বাগত জানাতে চালানো হয় ‘পাকিস্তান বিরোধী’ সিনেমার সেই ভাইরাল গানই। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। এই ‘FA9LA’ গানটি আগে থেকেই জনপ্রিয় ছিল আরবে। সেই গানটি বলিউডের সিনেমায় ব্যবহৃত হওয়ার পর তা জনপ্রিয়তার অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। এর আগে সিনেমায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি ব্যবহারের প্রতিবাদে করাচি আদালতে মামলা করেছে পাকিস্তান পিপলস পার্টি। সিনেমার অভিনেতা ও কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছিল তারা।

এদিকে পাকিস্তানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ নাকি সেই দেশে ডাউনলোড করা হয়েছে লক্ষাধিক বার। এদিকে এই সিনেমার পাইরেসি নিয়ে চিন্তায় পড়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। শাহরুখ খানের ‘রইস’ ছবির পাইরেসি রেকর্ডও নাকি ভেঙে দিয়েছে ধুরন্ধর। রিপোর্ট অনুযায়ী, মাত্র দুই সপ্তাহে পাকিস্তানে ২০ লক্ষের বেশি মানুষ অবৈধভাবে এই সিনেমাটি ডাউনলোড করেছেন। এদিকে ধুরন্ধরে লিয়ারির গল্পের পালটা সিনেমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানে। আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা – ‘মেরা লিয়ারি’র। এরই মাঝে আইএসআই ও আইএসপিআর ধুরন্ধর সিনেমারই ছোট ছোট ক্লিপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে পাল্টা প্রচার চালানোর চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *