BJP on Durga Puja Committee: কোনও পুজো কমিটির সভাপতি হবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার কলেজ স্কোয়ারের পুজো কমিটির এক সদস্য দাবি করেন যে এবার সভাপতি হচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি। আগামী বৃহস্পতিবার রথযাত্রার দিন খুঁটিপুজোর সময়ও হাজির থাকবেন। যদিও রাজ্য বিজেপি সভাপতি স্পষ্টভাবে জানিয়েছেন, খুঁটিপুজোয় যে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে যাবেন। কিন্তু পুজো কমিটির সভাপতি হওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা গ্রহণ করছেন না। তাঁর কথায়, ‘কোনও পুজোর সভাপতি হিসেবে আমি থাকব না।’
কাদের সভাপতি করা উচিত পুজো কমিটির? বললেন শমীক
আর কেন সেই সিদ্ধান্ত নিয়েছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। তাঁর কথায়, ‘আমি চাই, সমাজের যাঁরা নিরপেক্ষ, প্রতিষ্ঠিত গুণীজন ও মানুষ আছেন, স্থানীয় যাঁরা মানুষ আছেন, তাঁরা (পুজো কমিটির সভাপতি) হন। নাহলে এই পুজো কালচার, একটা কম্পিটিশন (প্রতিযোগিতা), নতুন করে নিজেদের পেশিশক্তির প্রদর্শন এবং পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করা, পার্টি হিসেবে আমরা সেই অবস্থানে নেই।’
BJP বিধায়কদের কড়া নির্দেশ শমীকের
সেই রেশ ধরে শমীক জানিয়েছেন, বিধায়কদেরও নির্দেশ দিয়েছেন তাঁরা নিজেদের এলাকার বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে-ঘুরে পুজো কমিটির সভাপতি যেন না হন। তবে যে বিধায়করা ইতিমধ্যে পুজো করেন, তাঁদের ক্ষেত্রে সেই নিয়ম প্রয়োজ্য হবে না। সেক্ষেত্রে বিশেষভাবে তিনি বরানগরের বিধায়ক সজল ঘোষের নাম করেছেন। যিনি দীর্ঘদিন ধরেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সঙ্গে যুক্ত আছেন। ফলে সজলের মতো যাঁরা আগে থেকেই পুজো করে আসছেন, তাঁদের ক্ষেত্রে কোনও বাধা নেই।

‘কাজ বন্ধ করে পুজো কমিটির সভাপতি হওয়া যাবে না’
বঙ্গ বিজেপির সভাপতি বলেছেন, ‘অতি উৎসাহী হয়ে জনগণের কাজ ছেড়ে, মানুষের পরিষেবা বন্ধ রেখে দুর্গাপুজো করব, এই প্রচেষ্টা ঠিক নয়। পার্টি নীতিগতভাবে এর বিরোধী।’ সেই মর্মে বিজেপি বিধায়কদের স্পষ্টবার্তাও দেওয়া হয়েছে জানিয়েছেন শমীক। যিনি তৃণমূল কংগ্রেস আমলের ট্রেন্ড ভাঙতে চাইছেন।