সামাজিক ও পরিবেশগত নানা ইস্যুতে সরব সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ঘিরে উদ্বেগ বাড়ছে। এবার তাঁর পাশে দাঁড়ালেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে তিনি ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ভারত সরকারকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি সম্মান দেখানোর বার্তাও দিয়েছেন অভিনেত্রী।
অনশনের ১৭তম দিনে বাড়ল উদ্বেগ
মঙ্গলবার সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের অনশন ১৭তম দিনে পৌঁছয়। দীর্ঘদিন অনশনে থাকার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সমর্থকদের দাবি, ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে এখনই গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়া উচিত।
কী লিখলেন জিনাত আমান?
নিজের ইনস্টাগ্রাম পোস্টে জিনাত আমান লেখেন, দেশের রাজধানীতে চলা এই অনশন তাঁকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তিনি একটি সংবাদ প্রতিবেদনের উল্লেখ করে জানান, সেখানে বলা হয়েছে সোনম ওয়াংচুকের শরীরে পেশী ক্ষয় শুরু হয়েছে এবং তিনি তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছেন।
জিনাত আরও লেখেন, অনশন ভাঙার অনুরোধ করা হলে ওয়াংচুকের জবাব ছিল, ‘আমাকে অনশন ভাঙতে বলবেন না। সরকারকে জিজ্ঞাসা করুন, তারা কেন আলোচনায় বসছে না।’

ওয়াংচুকের অবদানের প্রশংসা
পোস্টে জিনাত আমান তাঁর পোস্টে সোনম ওয়াংচুকের সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ওয়াংচুক হলেন SECMOL-এর প্রতিষ্ঠাতা, ‘আইস স্তূপা’ বা বরফ স্তূপ প্রযুক্তির উদ্ভাবক এবং লাদাখে শিক্ষা সংস্কারের অন্যতম পথিকৃৎ। এছাড়াও, আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুন্সুক ওয়াংডু’ চরিত্রটির অনুপ্রেরণাও যে সোনম ওয়াংচুক, সেটিও স্মরণ করিয়ে দেন অভিনেত্রী। তাঁর কথায়, সমাজের জন্য ওয়াংচুকের অবদান আন্তর্জাতিক স্তরেও বহুবার স্বীকৃতি পেয়েছে।
সরকারের কাছে সংলাপের আবেদন
জিনাত আমান তাঁর পোস্টে ভারত সরকারকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। তিনি লেখেন, সোনম ওয়াংচুকের ইচ্ছাকে সম্মান জানিয়ে সরকার যেন দ্রুত সংলাপ শুরু করে, কারণ এই বিষয়টি শুধু একজন ব্যক্তির নয়, দেশের ভবিষ্যতের সঙ্গেও জড়িত।
অভিনেত্রীর মতে, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যে শান্তিপূর্ণ প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তাই ক্ষমতাসীনদের দায়িত্ব সংলাপের মাধ্যমে এই ধরনের আন্দোলনের জবাব দেওয়া।
প্রতিবাদ ঘিরে বাড়ছে সমর্থন
সোনম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বহু বিশিষ্ট ব্যক্তি উদ্বেগ প্রকাশ করেছেন। বলিউড অভিনেতা অভয় দেওল প্রতিবাদস্থল থেকে ওয়াংচুকের একটি ছবি শেয়ার করে তাঁর প্রতি সমর্থন জানান।
এর আগেই ‘থ্রি ইডিয়টস’-এ চতুর চরিত্রে অভিনয় করা অভিনেতা ওমি বৈদ্যও ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি মানুষের কাছে ওয়াংচুকের কাজ ও তাঁর আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে জানার আহ্বান জানান এবং তাঁর স্বাস্থ্যের দ্রুত উন্নতি কামনা করেন।