Central Forces deployed at Nabanna। নবান্ন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী! ‘ফাইল নষ্টের চেষ্টা করা হচ্ছে’

Spread the love

নবান্নে ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারের গঠন পথ প্রশস্ত হওয়ার পরে রাজ্যের সচিবালয় নবান্নের সামনে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, শিক্ষা, রেশন থেকে পুরনিয়োগ – বিভিন্ন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। সেইসব তদন্ত সংক্রান্ত সুরক্ষিত রাখতেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

ফাইল নষ্টের চেষ্টা চলছে, উঠল বিস্ফোরক অভিযোগ

বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুবীর সাহা দাবি করেছেন, নবান্ন, বিভিন্ন সচিবালয়, ডিরেক্টরেটের বিভিন্ন ফাইল সরানো হচ্ছে বলে তাঁদের কাছে খবর এসেছে। বিভিন্ন ডিজিটাল ফাইল মুছে ফেলা হচ্ছে। নষ্ট করে দেওয়া হচ্ছে ফাইল। আর সেই কাজটা একশ্রেণির রাজ্য সরকারি কর্মচারীরা করছেন বলে অভিযোগ তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য।

আপাতত বিজেপি ও তৃণমূল কতগুলি আসন পেয়েছে?

এমনিতে নির্বাচন কমিশনের সাম্প্রতিক ফলাফল অনুযায়ী, বিজেপি চারটি আসনে জিতেছে। এগিয়ে আছে ১৯৩টি আসনে। আবার তৃণমূল একটি আসনে জিতে গিয়েছে। এগিয়ে আছে ৯০টি আসনে। কংগ্রেস এবং হুমায়ুন কবীরের দল দুটি করে আসনে এগিয়ে আছে। সিপিআইএম এবং আইএসএফ এগিয়ে আছে একটি আসনে।

তৃণমূল সুপ্রিমোর বার্তা

যদিও দুপুরে তৃণমূল কর্মী-সমর্থকদের বার্তা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে সূর্যাস্তের পরে জয় আসবে। তিনি বলেন, ‘প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। এটা দেখে ভয় পেয়ে বা হতাশ হয়ে কেন্দ্র ছেড়ে চলে আসবেন না।’

সেইসঙ্গে ত-ণমূল সুপ্রিমো বলেন, ‘আমি আমাদের সব কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪-১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *