Chinmoy Krishna Das:
বাংলাদেশে কারাবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুকে ঘিরে ফের এক চাঞ্চল্যকর তথ্য। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসাবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাসকে হঠাৎই বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।
জানা যাচ্ছে, সোমবার খুব ভোরে চিন্ময়কৃষ্ণ প্রভুকে (Chinmoy Krishna Das) হঠাৎই ঢাকার বিশেষ জেলে স্থানান্তরিত করেছে বাংলাদেশের প্রশাসন। আনুমানিক ভোর ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাঁকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আর সেখানেই উঠছে প্রশ্ন। বাংলাদেশের চট্টোগ্রামের জেল থেকে ভোর নাগাদ হঠাৎ করে চিন্ময়কৃষ্ণকে স্থানান্তরিত করা হল,তা নিয়ে রয়েছে প্রশ্ন। বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-র খবর অনুসারে, চিন্ময় প্রভুর খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে তাঁর সঙ্গে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এমনটাও কেন হল, তা নিয়ে রহস্য তুঙ্গে রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতন হতেই সেদেশে বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রাম আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এরপর তার সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান। রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। সেই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনের ঘটনাও উঠে আসে ওই এলাকা থেকে। সেই মামলায় তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেন, যাতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়। সূত্রের খবর, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। সেই চিন্ময়কৃষ্ণ দাসকে হঠাৎই খুব ভোরে কেন ঢাকার বিশেষ জেল-এ আনা হল, তা নিয়ে রয়েছে জল্পনা।

Chinmoy Krishna Das Transferred To Another Jail in Dhaka