Condom found in Ex TMC MLA Ofc। পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ ও কন্ডোম উদ্ধার ঘিরে বিতর্ক

Spread the love

পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয়কে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বিক্ষোভের জেরে তাঁর অফিসে ঢুকে একাধিক সামগ্রী উদ্ধার হওয়ার দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে পাণ্ডবেশ্বরের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি একসময় ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং সর্বশেষ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনের পর থেকেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসতে শুরু করে। স্থানীয়দের একাংশের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি সামগ্রী দীর্ঘদিন ধরে বিতরণ না করে তাঁর ব্যক্তিগত অফিসঘরে মজুত রাখা হয়েছিল।

শুক্রবার সেই অভিযোগকে সামনে রেখেই শতাধিক বাসিন্দা তাঁর বাড়ি ও কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। পরে বিক্ষোভকারীদের একাংশ অফিসের ভিতরে প্রবেশ করেন। সেখানে ত্রিপল-সহ একাধিক সামগ্রী দেখতে পান বলে দাবি করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

বিক্ষোভ চলাকালীন আরও একটি বিষয় সামনে আসে। কার্যালয়ের ভিতরে দুটি সুসজ্জিত ঘর দেখা যায়, যেখানে বিছানা, তোষক ও বালিশ রাখা ছিল। অভিযোগ, একটি ঘরের ড্রয়ার খুলে কন্ডোমের একাধিক প্যাকেটও পাওয়া যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পায়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ ধরনের কর্মকাণ্ড চলছিল, কিন্তু সাধারণ মানুষ নানা কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি। উল্লেখ্য, সম্প্রতি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে একটি কক্ষ থেকে বিছানা, অ্যাটাচ বাথরুম, এসি, ফ্রিজ-সহ নানা সামগ্রী উদ্ধারের ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনায়ও কন্ডোম উদ্ধারের দাবি সামনে এসেছিল। পাণ্ডবেশ্বরের এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *