Gavaskar on Bavuma Captaincy: দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার প্রশংসায় পঞ্চমুখ হলেন সুনীল গাভাসকর। এমনকী ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গেও বাভুমার তুলনা করলেন। ভারতের প্রাক্তন তারকা দাবি করেছেন, ‘টাফ’ বা আগ্রাসী ক্রিকেটার হওয়া জন্য মাঠে যে গালিগালাজ করার দরকার নেই বা গোটা দুনিয়ার বিরুদ্ধে সরব হওয়ার দরকার নেই, সেটা দেখিয়েছিলেন বিশ্বনাথ। যে গুণটা বাভুমার মধ্যেও আছে। আবার অধিনায়ক হিসেবে দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও বুক বাজিয়ে বেড়ান না বলেও দাবি করেন গাভাসকর।
সমালোচকদের ‘নোংরা কথা’ গিলতে বাধ্য করিয়েছেন বাভুমা, দাবি সানির
সংবাদমাধ্যম মিড ডে’র কলামে গাভাসকর দাবি করেন, বাভুমাকে যখন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল, সেইসময় অনেকেই ভ্রূ কুঁচকেছিলেন। অভিযোগ উঠেছিল যে কোটার খেলোয়াড় হিসেবে বাভুমাকে নির্বাচন করা হয়েছে। কিন্তু গত কয়েক বছরে বাভুমা প্রমাণ করেছেন যে তিনি অধিনায়ক হিসেবে কতটা দুর্ধর্ষ।
ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, বাভুমা শুধু অধিনায়ক নন, তিনি একজন নেতা। একজন অধিনায়কের থেকে একজন নেতার ভূমিকা আলাদা হয়। যাঁরা একটা সময় বাভুমাকে নিয়ে প্রশ্ন তুলতেন, নিজের পারফরম্যান্স দিয়ে তাঁদের সেইসব ‘নোংরা শব্দ’ গিলতে বাধ্য করেছেন বলে দাবি করেছেন গাভাসকর।
‘অজিঙ্কা রাহানের মতোই অসাধারণ’ বাভুমা
তাঁর কথায়, ‘অধিনায়ক হিসেবে প্রোটিয়াদের হয়ে ১৪টি টেস্টের মধ্যে ১২টিতে জয় এবং স্রেফ (অস্ট্রেলিয়া) সিরিজের প্রথম টেস্টে হারের যে রেকর্ড তাঁর রয়েছে, তা অজিঙ্কা রাহানের মতোই অসাধারণ। যাঁর নেতৃত্বে ভারত কখনওই কোনও টেস্টে হারেনি। ওরা কেউই নিজেদের বড়াই করে বেড়ায় না। আবার ওদের এমন কোনও পাবলিক রিলেশন বাহিনীও (PR টিম) নেই, যারা বিশ্বকে বোঝানোর চেষ্টা করে যে ওরা কতটা ভালো।’

বিশ্বনাথের সঙ্গে বাভুমার তুলনায় গাভাসকর
সেই রেশ ধরে বিশ্বনাথের সঙ্গে বাভুমার তুলনা করেছেন গাভাসকর। ওই সংবাদমাধ্যমের কলামে তিনি দাবি করেছেন, মাঠের মধ্যে দক্ষিণ আফ্রিকা যেমন আচরণ করেন, তা দেখে বিশ্বনাথের কথা মনে পড়ে যায়। ভারতীয় প্রাক্তন তারকাকে যেভাবে ভালোবাসায় ভরিয়ে দেওয়া হত বা তিনি যেভাবে সমাদৃত হতেন, সেটাই বাভুমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলে দাবি করেন গাভাসকর।
আর গাভাসকর সেই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাভুমার দুর্দান্ত পারফরম্যান্সের পরে। সিরিজের প্রথম টেস্টে হারের পরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস দক্ষিণ আফ্রিকা যখন ছয় উইকেটে ১১০ রানে ধুঁকছিল, সেইসময় ১৭৯ রান করেন বাভুমা। সেই ইনিংসের উপরে ভর করে বৃষ্টির জন্য প্রায় দু’দিন নষ্ট হওয়ার পরও এক ইনিংস এবং ৩১ রানে জিতে গিয়েছে প্রোটিয়ারা।