ভারতে ১.৩৩ লাখ কোটি টাকার ‘আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স’ হাব তৈরি করতে চলেছে গুগল। মঙ্গলবার ভারতে এসে গুগলের সিইও সুন্দর পিচাই জানান, তাঁর কোম্পানি ভারতে একটি এআই হাব তৈরির জন্য ১.৩৩ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সেই এআই হাব তৈরি করা হবে।
গুগল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যে বিশাল ডেটা সেন্টার এবং আর্টিফিসিয়াল হাব তৈরির ঘোষণা করেছে, যা আমেরিকার বাইরে টেক জায়ান্টের বৃহত্তম AI হাব হতে চলেছে। পিচাই জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল। আর সেই ডেটা সেন্টারর ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে টেক জায়ান্ট
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় এটিকে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। দেশজুড়ে উন্নয়নের গতি বাড়বে বলে আশাপ্রকাশ করে তিনি বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলে খুব ভালো লাগলো, আমরা বিশাখাপত্তনমে প্রথম Google AI কেন্দ্রের জন্য আমাদের পরিকল্পনা শেয়ার করেছি যা একটি ঐতিহাসিক মাইলফলক।’
বিষয়টি নিয়ে আইআইটি খড়্গপুরের প্রাক্তনী তথা গুগলের সিইও আরও বলেছেন, ‘এই কেন্দ্রে গিগাওয়াট-স্তরের কম্পিউটিং ক্ষমতা, একটি নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বিশাল শক্তি পরিকাঠামো একত্রিত করবে। এর মাধ্যমে আমরা আমাদের শিল্প-নেতৃস্থানীয় প্রযুক্তি ভারতের উদ্যোগপতি এবং ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেব। যা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশজুড়ে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে।’

দিল্লিতে আয়োজিত ‘ভারত এআই শক্তি’ অনুষ্ঠানে গুগল ক্লাউডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) থমাস কুরিয়ান এই বিনিয়োগ সম্পর্কে বলেন, ‘এটি আমেরিকার বাইরে (গুগলের) সবচেয়ে বড় AI কেন্দ্র হবে, যেখানে আমরা বিনিয়োগ করতে যাচ্ছি।’ এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষরও করা হয়। চুক্তিটি গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে হয়েছে।