H-1B Visa Stopped For Indians:
H-1B ভিসা এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সংস্থা IBM। আমেরিকায় কাজ করার স্বপ্ন দেখেন বহু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁদের কাছে H-1B ভিসা এবং গ্রিন কার্ড পাওয়ার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করল তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (H-1B Visa Stopped For Indians)। সংস্থার সবচেয়ে বড় বিভাগ IBM Consulting-এর অধিকাংশ পদের ক্ষেত্রেই এই সুবিধা আর দেওয়া হবে না। ফলে আমেরিকায় কর্মরত বহু বিদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের প্রভাব ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের উপরেও পড়তে পারে বলে আশঙ্কা।
IBM Consulting-এর অধিকাংশ পদের জন্য ভিসা এবং গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। IBM-এর এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষ কর্মীর অভাব পূরণ করতে অতীতে আমেরিকার বিভিন্ন উচ্চদক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগের ভিসা কর্মসূচিতে অংশ নিত সংস্থা। কিন্তু গত কয়েক বছর ধরে সেই অংশগ্রহণ ক্রমশ কমেছে। কর্মীদের দক্ষতার প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তন এসেছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরি থাকবে না আমেরিকার মাটিতে!
এই সিদ্ধান্তে (H-1B Visa Stopped For Indians) যাঁরা প্রভাবিত হবেন, তাঁদের সামনে আপাতত দুটি পথ রয়েছে। প্রথমত, আমেরিকার বাইরে IBM-এর অন্য কোনও শাখায় কাজ চালিয়ে যেতে পারবেন তাঁরা। দ্বিতীয়ত, চলতি বছরের শেষেই সংস্থা ছাড়তে হবে। ব্লুমবার্গের হাতে আসা সংস্থার অভ্যন্তরীণ নথির ভিত্তিতে এই খবর প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের পরিচালকদের কাছে চলতি সপ্তাহেই ওই নথি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
IBM Consulting সংস্থাটির বৃহত্তম বিভাগ। সেখানে কর্মীর সংখ্যা দেড় লক্ষেরও বেশি। ফলে সিদ্ধান্তটি একাধিক দেশের কর্মীর উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ আমেরিকার প্রযুক্তি শিল্পে ভারতীয় পেশাদারদের বড় অংশ H-1B ভিসার মাধ্যমে কাজ করেন। যদিও কত জন কর্মী সরাসরি এই সিদ্ধান্তের ফলে চাকরি হারাবেন, তা এখনও স্পষ্ট নয়।

H-1B Visa Stopped For Indians
কেন এত কড়াকড়ি ট্রাম্পের?
গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি-সহ একাধিক প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে মার্কিন কর্মী ভিসা ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ তুলেছিল ট্রাম্প প্রশাসন। তাদের গ্রিন কার্ড সংক্রান্ত পার্ম (PERM) প্রক্রিয়া ব্যবহারের উপরও অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় বলে প্রতিবেদন।
কমছে IBM-এর H-1B ভিসা অনুমোদনও
মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে IBM-এর জন্য ১,৬১১টি H-1B ভিসার অনুমোদন মিলেছে। ২০২৫ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ২,০৪৫। অর্থাৎ এক বছরের ব্যবধানে অনুমোদনের সংখ্যা কমেছে ৪৩৪। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত IBM মোট ২৭,৮৬৩ বার H-1B কর্মীদের স্পনসর করেছে। এই তালিকায় সংস্থাটির অবস্থান ২০ নম্বরে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে IBM নিজেদের ব্যবসার ধরন বদলানোর চেষ্টা করছে। রেড হ্যাট, হ্যাশিকর্প এবং কনফ্লুয়েন্টের মতো সংস্থা অধিগ্রহণ করে সফটওয়্যার ব্যবসায় আরও জোর দিচ্ছে তারা। অন্য দিকে, ২০২৪ সাল থেকে সংস্থার পরামর্শদাতা ব্যবসার বৃদ্ধি প্রায় থমকে রয়েছে।