Humayun Kabir। রাত পোহালেই হুমায়ুনের নতুন দল ঘোষণা! কত আসনে জয়ের জন্য টার্গেট সেট? বুঝিয়ে দিলেন অঙ্ক

Spread the love

বছর ঘুরলেই শিয়রে ২০২৬ বিধানসভা ভোট রাজ্যে। তার আগে, রাত পোহালেই ২২ ডিসেম্বর সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করতে চলেছেন তাঁর নতুন দলের। ২০২৬ ভোটকে পাখির চোখ রেখে, সদ্য রেজিনগর রিলায়্যান্স ময়দানে প্রস্তুতি সভায় সেই আসন্ন নতুন দলের জন্য জয়ের টার্গেট সেট করে দিলেন খোদ হুমায়ুন।

হুমায়ুনের সাফ বার্তা, শুধু অর্থ বা জমি দিয়ে বাবরি মসজিদ তৈরি করা যাবে না, তার সঙ্গে চাই শক্তি। ফলত ২০২৬ বিধানসভা নির্বাচনে তাঁর নয়া দলের প্রার্থীদের জেতাতেই হবে। ২২ ডিসেম্বর, সোমবারই নতুন দল ঘোষণার কথা হুমায়ুনের। আর তারই সাথে আগাম হুময়াুন জানিয়ে রাখলেন ২০২৬ ভোটে কোন অঙ্কে তাঁর দল নিয়ে তিনি এগোতে চান। হুমায়ুন বলছেন, ২০২৬র ভোটে বাংলায় অন্তত ৯০ আসনে জয়লাভ তাঁর লক্ষ্য। তাঁর বার্তা, ‘বিজেপি, তৃণমূল কেউ বাবরি মসজিদ করতে দেবে না’, সেক্ষেত্রে তাঁর পার্টি যাতে একটি তাৎপর্যপূর্ণ সংখ্যক আসন দখল করে শক্তির চাবিকাঠি সঙ্গে রাখতে পারে, সেই লক্ষ্যেই রয়েছেন হুমায়ুন। তিনি বলেছেন,’ টাকা-জমি দিয়ে বাবরি মসজিদ করা যাবে না। আমাদের সম্প্রদায়ের মানুষ যত ক্ষণ না ক্ষমতায় আসছেন, তত ক্ষণ এই মসজিদ কেউ-ই করতে দেবে না। তাই আগামী নির্বাচনে অন্ততপক্ষে ৯০টি আসনে আমাদের জিততে হবে। সরকারের নির্ণায়ক ভূমিকা নিতে হবে। আপনারা সবাই এগিয়ে আসুন। এই দল হবে আপনাদের দল।’

মুর্শিদাবাদের ক্ষেত্রে তাঁর পার্টির ভোটের লড়াইয়ের অঙ্ক কী হবে? সাফ জানিয়ে রাখলেন হুমায়ুন। বলছেন,’ র্শিদাবাদের মোট ২২ টি আসনের মধ্যে, আমি ন’টি আসনে লড়ব।’ তৃণমূলকে নজরে রেখে হুমায়ুনের বার্তা, ‘অধীর চৌধুরীর কংগ্রেসকে ছাড়ব ন’টি আসন। সিপিএম-কে তিনটি আসন এবং নওসাদের দলের জন্য একটি আসন ছাড়ব। এতে তৃণমূল শূন্য হবে।’ এর আগে শুক্রবার জুম্মার নমাজের পর হুমায়ুন দাবি করেছিলেন, ২২ ডিসেম্বর বিপুল জনতার ভিড় হবে তাঁর সভায় বহরমপুরের মাটিতে রেকর্ড ভিড় হবে। আর সেখানেই তিনি নিজের নতুন দলের নাম ও কর্মসূচি ঘোষণা করতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *