৭৭ বলে ৯৪ রান – বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়লেন রিচা ঘোষ। বিশ্বকাপের ইতিহাসে (পুরুষ ও মহিলা) আট নম্বর বা তার নীচে ব্যাট করতে নেমে সর্বাধিক রান করার নজির গড়লেন। ভাগ্যটা একটু ভালো থাকলে শতরানও করে ফেলতে পারতেন। কিন্তু কয়েকটা ৯৪ রানের ইনিংস অধিকাংশ সেঞ্চুরির থেকেও ভালো হয়।
বৃহস্পতিবার বিশাখাপত্তনমে রিচার ইনিংসটা নিঃসন্দেহে সেই তালিকায় আসবে। রিচা যখন ব্যাট করতে আসেন, তখন ভারতের স্কোর ছিল ২৬ ওভারে ছয় উইকেটে ১০২ রান। সেখান থেকে স্নেহ রানার সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করে ভারতকে ২৫১ রানে নিয়ে যান রিচা। অষ্টম উইকেটে তাঁরা ৫৩ বলে ৮৮ রান যোগ করেন। ২৪ বলে ৩৩ করেন স্নেহ।
মহিলাদের একদিনের ম্যাচে সবথেকে কম বলে ১,০০০ রানের নজির: সেই তালিকায় তিন নম্বরে উঠে এলেন রিচা। তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার (৯১৭ বল)। দ্বিতীয় স্থানে আছেন ন্যাট স্কিভার ব্রান্ট (৯৪৩ বল)। রিচা ১,০১০টি বলে সেই মাইলস্টোন ছুঁয়েছেন। তিনি টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি মেগ ল্যানিং (১,০১১ বল) এবং অ্যালিসা হিলি (১,০২২ বল)।
চতুর্থ ব্যাটার হিসেবে মহিলাদের বিশ্বকাপে আট নম্বর বা তার নীচে ব্যাট করে অর্ধশতরানের নজির গড়লেন রিচা। ২০২২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৬৭ রান করেছিলেন ভারতের পূজা বস্ত্রকার। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৭ রান করেন রিচারই সতীর্থ আমনজ্যোত কৌর। আর বুধবারই পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫১ রান করেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।

মহিলাদের একদিনের ক্রিকেট ম্যাচে অষ্টম উইকেট বা তার নীচে সর্বোচ্চ জুটি: সেই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে এল রিচা এবং স্নেহের জুটি। তাঁরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৮ রান যোগ করেন। শীর্ষে আছে স্কটল্যান্ডের জুটি (১১৫ রান, ২০২৫ সাল)। দ্বিতীয় স্থানে আছে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে অ্যালানা কিং এবং বেথ মুনির ১০৬ রানের জুটি।