মুখ খুলেছিল ইসলামাবাদ! আর পাল্টা জবাবে পাকিস্তানকে তুলোধনা করে ছাড়ল দিল্লি! প্রসঙ্গে সংখ্যালঘু ইস্যু। আর এই ইস্যুতেই ভারতকে টার্গেট করে পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র তাহির আন্দ্রাবি মুখ খোলেন। আর এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, ইসলামাবাদের সেই বার্তার পাল্টা জবাবে ভারতের বিদেশমন্ত্রকের তরফে রণধীর জয়সোয়াল পাকিস্তানের বার্তাকে নস্যাৎ করেন।
সংখ্যালঘু ইস্যুতে যখন বাংলাদেশকে ঘিরে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করছে দিল্লি, ঠিক তখনই পাকিস্তান এই ইস্যুতে মুখ খুলে ভারতকে টার্গেট করে। এই পরিস্থিতিতে দিল্লি পাকিস্তানের সেই বক্তব্যের প্রেক্ষিতে জবাব দিয়েছে। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে,’ আমরা এমন একটি দেশের কথিত মন্তব্য প্রত্যাখ্যান করছি যাদের নিজেদের এই ক্ষেত্রে থাকা ভয়াবহ রেকর্ডই সেদেশ সম্পর্কে কথা বলে। বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের উপর পাকিস্তানের ভয়াবহ ও পদ্ধতিগত নির্যাতন একটি সুপ্রতিষ্ঠিত সত্য। যতই আঙুল তোলা হোক না কেন, তা এটিকে ধোঁয়াশায় রাখতে পারা যাবে না।’
এর আগে, পাকিস্তানি সংবাদ চ্যানেল এআরওয়াই নিউজে প্রকাশিত এক তথ্য বলছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি ২০১৫ সালের এক ঘটনার কথা তোলেন, আর অভিযোগ করেন, সেই সময়ের এক গণপিটুনির ক্ষেত্রে অভিযুক্তদের ভারত আড়াল করছে। তাহিরের বক্তব্যে, বড়দিনকে কেন্দ্র করে ভাঙচুর সহ বিভিন্ন ইস্যু উঠে আসে। এই বিষয়ে তাহির আন্তর্জাতিক মহলকে সরব হতে আহ্বান জানান। এরপরই ভারত পাল্টা বার্তা দেয়।

গত মাসেও সংখ্যালঘু ইস্যুতে পাকিস্তানকে দিল্লি সাফ বার্তায় বলে,’ আমরা রিপোর্ট করা মন্তব্যগুলি দেখেছি এবং তাদের প্রাপ্য অবজ্ঞার সাথে এগুলি প্রত্যাখ্যান করেছি। সংখ্যালঘুদের উপর ধর্মান্ধতা, দমন এবং পদ্ধতিগত দুর্ব্যবহারের গভীর কলঙ্কিত রেকর্ড সহ একটি দেশ হিসেবে, পাকিস্তানের অন্যদের বক্তৃতা দেওয়ার কোনও নৈতিক অবস্থান নেই।’