শুভমান গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসে জয় পেল টিম ইন্ডিয়া। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ১৪০ রানে পরাজিত করে ভারত। এই আবহে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। তবে এই জয় সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত প্রথম দুইয়ে উঠতে পারল না। ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে ভারতের জয়ের হার বেড়েছে, তবে অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ের পরও ভারত ডাব্লুটিসি পয়েন্ট টেবিলে তিন নম্বরে। ক্রমতালিকায় শ্রীলঙ্কা দ্বিতীয় ও অস্ট্রেলিয়া রয়েছে প্রথম স্থানে। অস্ট্রেলিয়ার রাজত্ব এই মুহূর্তে অক্ষুণ্ণ রয়েছে কারণ ক্যাঙ্গারুরা কোনও ম্যাচ হারেনি বা তাদের কোনও ম্যাচ ড্র করেনি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট ম্যাচের আগে ভারতের জয়ের হার ছিল ৪৬.৬৭, এখন বেড়ে ৫৫.৫৬ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে এই ডাব্লুটিসি চক্রে এখনও একটাও ম্যাচ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে এবং সবকটিতেই হেরেছে। আর এই ডাব্লুটিসি সাইকেলে এটা ভারতের দ্বিতীয় সিরিজ। গত সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-২ ফলাফলে ড্র করে ভারত। এই আবহে আজকের জয় এই চক্রে ভারতের তৃতীয় টেস্ট জয়।
এদিকে এই ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত খেলেছেন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা প্রথম দিনের দুই সেশনের মধ্যেই অলআউট হয়ে যায় মাত্র ১৬২ রানে। প্রথম ইনিংসে ভারতের হয়ে মহম্মদ সিরাজ ৪ উইকেট নেন এবং জসপ্রীত বুমরাহ ৩ উইকেট নেন। এর পরে, ব্যাট করতে আসা টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে। সেই সময় তারা ওয়েস্ট ইন্ডিজের থেকে ২৮৬ রানের লিডে ছিল। ভারতের হয়ে সেঞ্চুরি করেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। জাদেজা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এবং অধিনায়ক শুভমান গিল হাফসেঞ্চুরি করেছিলেন। তৃতীয় দিনের খেলা শুরুর আগেই ভারত ইনিংস ঘোষণা করেছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলাররা ফের আগুন ঝরান। ওয়েস্ট ইন্ডিজকে দুই সেশনের মধ্যে ১৪৬ রানে অলআউট করে এবং ম্যাচটি এক ইনিংস ও ১৪০ রানে জিতে নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে সবচেয়ে সফল বোলার ছিলেন জাদেজা। তিনি ৪ উইকেট নেন। এদিকে সিরাজ পান ৩টি উইকেট, কুলদীপ ২ এবং ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট পান।
