আরব সাগরে ভারতের আইএনএস কলকাতা যুদ্ধ জাহাজের সঙ্গে পাকিস্তানের পিএনএস হুনাইনের ধাক্কা প্রসঙ্গে মুখ খুলে কার্যত পাকিস্তানের দাবি খারিজ করে দিল ভারত। সেদিন ঠিক কী ঘটেছিল আরব সাগরের বুকে? মুখ খুলল ভারতের বিদেশমন্ত্রক। পাশাপাশি, পাকিস্তানের দাবি উড়িয়ে তাকে, ‘প্রত্যাশিত গড়িমসি’ বলে আখ্যা দিয়েছে দিল্লি।
ভারত, পাকিস্তানের জাহাজ ধাক্কা-কাণ্ড নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন,‘আমি বিষয়টির মূল তথ্যগুলো আবারও তুলে ধরছি। পশ্চিম আরব সাগরে রুটিন (নিয়মিত) টহল বা মোতায়েন থাকা অবস্থায় ‘আইএনএস কলকাতা’ (INS Kolkata)-র সাথে পাকিস্তানের নৌ-জাহাজ ‘হুনাইন’ (Hunain)-এর সংঘর্ষ ঘটে, কারণ সমুদ্রের বুকে পাকিস্তানি জাহাজটি অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণ করেছিল।’ তিনি বলেন,পাকিস্তানের ‘পিএনএস হুনাইন (PNS Hunain) সামরিক মহড়া, রণকৌশলগত অনুশীলন ও সৈন্য চলাচলের বিষয়ে আগাম নোটিশ সংক্রান্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯১ সালের এপ্রিলে স্বাক্ষরিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।’ এদিকে, পাকিস্তানের নৌসেনা জাহাজের সঙ্গে ভারতের নৌসেনা জাহাজের ধাক্কার ঘটনায় দুই দেশই পরম্পরের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে। পাকিস্তান , ভারতের নৌ-জাহাজের কর্মকাণ্ডকে ‘অত্যন্ত উসকানিমূলক ও অগ্রহণযোগ্য’ হিসেবে দাবি করেছিল। পাকিস্তানের সেই দাবি নস্যাৎ করে, আরব সাগরের বুকে ঠিক কী ঘটেছিল, তা এদিন তুলে ধরে দিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ‘আমরা পাকিস্তানের প্রতিক্রিয়া দেখেছি, প্রতিবারের মতো এবারেও এড়িয়ে যাওয়া বা সত্যিটা লুকোনোর চেষ্টা করেছে তারা। এটাই তাদের থেকে প্রত্যাশিত। আমরা তাদের অভিযোগ খণ্ডন করছি।’
এদিকে, পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্সকে ডেকে ভারত কী বলেছে, তাও জানিয়েছে দিল্লি। বিদেশমন্ত্রকের বিবৃতি বলছে, ‘পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তিনি সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে এই বার্তাটি পৌঁছে দেন যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন করা এবং উভয় পক্ষের মধ্যে প্রাসঙ্গিক চুক্তিসমূহের বিধানাবলি মেনে চলা প্রয়োজন।’

উল্লেখ্য, বেশ কিছু রিপোর্ট দাবি করেছে, ভারতের নৌসেনা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে, পাকিস্তানের পিএনএস হুনাইন ক্ষতিগ্রস্ত হয়ে বন্দরে ফিরে গিয়েছে। সেই জায়গা থেকে ভারতের আইএনএস কলকাতা সশরীরে বহাল তবিয়তে সমুদ্রে বিচরণ করছে বলে জানা গিয়েছে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘ঘটনাটি আইএনএস কলকাতার কোনো বড় ধরনের ক্ষতি করেনি এবং জাহাজটি সমুদ্রেই রয়েছে।’
পাকিস্তানের প্রতি হুঁশিয়ারির সুর তুঙ্গে রেখে ভারত সাফ বলেছে, ‘এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় পক্ষের মধ্যকার সংশ্লিষ্ট চুক্তির বিধানাবলি মেনে চলার এবং সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা সম্পর্কে পাকিস্তান পক্ষকে আবারও পরামর্শ দেওয়া হয়েছে।’