India Slams New York Times: মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনের শিরোনাম ঘিরে তীব্র আপত্তি জানাল যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস। সংবাদপত্রটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এ স্থানীয় নির্বাচন শুরুকে কেন্দ্র করে সংঘর্ষের খবর প্রকাশ করতে গিয়ে শিরোনামে ‘Pakistani Kashmir’ শব্দবন্ধ ব্যবহার করে। এর পরেই কড়া বিবৃতি দিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে ভারতীয় দূতাবাস জানায়, ‘পাকিস্তানি কাশ্মীর’ বলে কিছু নেই। এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)।’
দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘Clashes Erupt in Pakistani Kashmir as Voting in Local Election Begins’। সেই শিরোনামের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় দূতাবাস প্রকাশ্যে প্রতিক্রিয়া জানায়। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শিরোনাম বিভ্রান্তিকর এবং তথ্যগতভাবে ভুল। পাকিস্তানি কাশ্মীর বলে কোনও অঞ্চল নেই, রয়েছে শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর।’
ভারতের বক্তব্য, জম্মু ও কাশ্মীরের যে অংশ বর্তমানে পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে, তা আন্তর্জাতিকভাবে বিতর্কিত হলেও ভারতের দৃষ্টিতে সেটি অবৈধভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড। এখানেই থেমে থাকেনি ভারত। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান অবৈধভাবে এই ভূখণ্ডের কিছু অংশ দখল করে রেখেছে এবং এখন সেই অধিকৃত এলাকার মানুষের বিরুদ্ধে হিংসার আশ্রয় নিচ্ছে।’ এই মন্তব্যের মাধ্যমে ইসলামাবাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে ভারতীয় দূতাবাস।
সবশেষে ভারতের দীর্ঘদিনের সরকারি অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়েছে। দূতাবাসের বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিচ্ছিন্ন অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ প্রসঙ্গত, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় সংঘর্ষের খবর সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং প্রাণহানির কথাও উল্লেখ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনটি প্রকাশ করে। তবে ভারতের আপত্তির মূল কারণ প্রতিবেদনের বিষয়বস্তু নয়, বরং সেখানে ব্যবহৃত ‘Pakistani Kashmir’ শব্দবন্ধ।
