নিউ ইয়র্কের বুকে ভারতীয় পতাকার অবমাননা ঘিরে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সদ্য নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে এক বিক্ষোভ সমাবেশে ভারতীয় পতাকাকে ঘৃণ্যভাবে অপমান করা হয়। জানা যাচ্ছে, আরএসএস-র প্রধান মোহন ভাগবতের এক অনুষ্ঠান সদ্য ম্যাডিসন স্কোয়ারে হয়। সেই অনুষ্ঠানস্থলের বাইরেই বিক্ষোভকারীরা ভারতীয় পতাকাকে অবমাননা করে বলে অভিযোগ।
গত ২৯ আগস্ট, শনিবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে ছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠান। সেই দিনই অনুষ্ঠানস্থলের বাইরে এই বিক্ষোভের ঘটনা ঘটে যায়।একাধিক ভিডিয়োয় দেখা যায়, বিক্ষোভকারীদের ভারতের জাতীয় পতাকা নিয়ে আগ্রাসী মনোভাব দেখাতে। ক্যামেরার সামনে দেশের জাতীয় পতাকাকে মাটিতে ফেলা, তাকে ছেঁড়ার চেষ্টার মতো ঘৃণ্য অবমাননা করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এরপরই গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি এক পোস্টে লেখেন, ‘ আমরা সবসময়ই বলেছি, আরএসএস (RSS), বিজেপি (BJP) বা সরকারের সমালোচনা করার স্বাধীনতা আপনাদের আছে। কিন্তু আমাদের দেশকে অপমান করবেন না। ভালো করে শুনে রাখুন,আমাদের পতাকা ও আমার দেশকে অপমান করবেন না। এর জন্য আপনাকে চড়া মূল্য দিতে হবে।’
জানা যাচ্ছে, নিউ ইয়র্কের বিক্ষোভে অংশগ্রহণকারীদের সঙ্গে যোগ রয়েছে খলিস্তান পন্থী ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের সদস্য। এই সংগঠনকে ভারত নিষিদ্ধ সংগঠনের তালিকায় রেখেছে। ভাগবতের ভাষণের প্রতিবাদ জানাতে এসএফজে (SFJ)-র খালিস্তান-পন্থী বিক্ষোভকারীরা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে সমবেত হয়েছিলেন। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও সুর চড়ায় নিউ ইয়র্কের বুকে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ শীর্ষক একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ (AHEAD) ভাগবতকে আমন্ত্রণ জানিয়েছিল।সেখানে যোগ দিয়ে একাধিক বার্তা দেন আরএসএস চিফ। সেই অনুষ্ঠান চলাকালেই অনুষ্ঠান কক্ষের বাইরে ভারতের পতাকা অবমাননার মতো ঘটনা ঘটে যায়।
