Indian grocery store। ১৮৮ টাকায় ‘পটল’ কিনতে হুড়োহুড়ি! USর ভারতীয় স্টোরে উপচে পড়া ভিড়

Spread the love

Indian grocery store: প্রবাসী ভারতীয়দের কাছে বাড়ির কাছের একটি গ্রোসারি স্টোর শুধু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জায়গা নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এখানেই তাঁরা খুঁজে পান চেনা শাকসবজি, আঞ্চলিক স্ন্যাক্স আর রান্নার মশলাপাতি, যা তাঁদের দেশের কথা মনে করিয়ে দেয়। তাই বিদেশে যখনই কোনও নতুন ভারতীয় সুপারমার্কেট খোলে, প্রবাসীদের মধ্যে উত্তেজনা থাকাটাই স্বাভাবিক।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পিসকাটাওয়ে একটি নতুন ভারতীয় গ্রোসারি স্টোর উদ্বোধনের পর ঠিক এমনই এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল। উদ্বোধনী অনুষ্ঠানে শয়ে শয়ে ক্রেতা এসে ভিড় জমানোর ফলে স্টোরের প্রতিটি করিডোর ব্লক হয়ে যায় এবং কাউন্টারের সামনে দীর্ঘ লাইন পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গিয়েছে, ক্রেতারা সবজির সেকশনে উপচে পড়ছেন, শপিং কার্ট ভর্তি করছেন এবং বিলিং কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আর এই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্টোর কর্তৃপক্ষকে।

রিপোর্ট অনুযায়ী, এই বিপুল ভিড়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘পটল।’ উদ্বোধনী অফার হিসেবে ওই স্টোরে এই সবজি মাত্র ১.৯৯ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৮ টাকা) বিক্রি করা হচ্ছিল। ভারতের বাইরে এই ধরনের দেশীয় সবজি পাওয়া যেমন কঠিন, তেমনই সাধারণত এর দামও থাকে অনেক বেশি। ফলে এই ছাড়ের খবর স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকেই পটল মজুত করার জন্য ওই স্টোরে ছুটে আসেন। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা গেছে, উপচে পড়া ভিড়ের মধ্যে ক্রেতারা সবজির খাঁচা থেকে পটল নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন এবং ঠাসাঠাসি করিডোরের মধ্য দিয়েই শপিং কার্ট ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নতুন নতুন ক্রেতারা ক্রমাগত স্টোরে ঢুকতে থাকায় পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন কর্মীরা। যার ফলে সীমিত মজুদের এই সবজিটি কেনার জন্য ক্রেতাদের হুড়োহুড়িতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতীয়দের মধ্যে থেকে ভারতীয় সত্তা কখনওই বের করা সম্ভব নয়!’ মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘ব্ল্যাক ফ্রাইডে’ সেলের সঙ্গে এই ভিড়ের তুলনা করে অন্য একজন লিখেছেন, ‘স্টোরের ভেতরে ভারতীয়রাই আছেন, তবে ব্ল্যাক ফ্রাইডে সেলের এই হুড়োহুড়ি কিন্তু খাঁটি আমেরিকান ঐতিহ্য।’ নিউ জার্সির অন্য একটি স্টোরের অভিজ্ঞতা শেয়ার করে একজন লিখেছেন, ‘এটা দেখতে নিউ জার্সির এডিসনের প্যাটেল ব্রাদার্স বা সবজি মণ্ডির মতো লাগছে। সেখানে যখন টাটকা ঢ্যাঁড়শ আসে, তখনও এমন উত্তেজনা দেখা যায়। তবে সাধারণত পরিস্থিতি এতটা খারাপ হয় না… সেখানে শুধু ভারতীয়রাই থাকেন।’ আবার মজার ছলে একজন হিন্দিতে লিখেছেন, ‘সবজি ফ্রি মে মিল রহি হ্যায় ক্যায়া?’ (সবজি কী বিনামূল্যে দেওয়া হচ্ছে নাকি?) অন্য একজন মন্তব্য করেছেন, ‘ব্ল্যাক ফ্রাইডে মানসিকতা! এরা এখন অফিশিয়ালি আমেরিকান হয়ে গেছে। হা হা!’ অন্যদিকে, ক্রেতাদের পক্ষে সওয়াল করে এক নেটিজেন লিখেছেন, ‘ভারতে যেভাবে নানা রকমের সবজি পাওয়া যায়, বিদেশে তো আর তেমন পাওয়া যায় না… তাই এই উত্তেজনা খুবই স্বাভাবিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *