Mayushi Bhagat update:- ৬ বছর কেটে গিয়েছে, খোঁজ মেলেনি মায়ুশী ভগতের। তিনি তাঁর বাবা মায়ের সঙ্গে বসবাস করতেন আমেরিকার নিউজার্সিতে। তাঁর বসবাস ছিল ৩৫ ভ্রুম স্ট্রিট, জার্সি সিটিতে। শেষবার তাঁর জার্সি সিটির বাড়ি থেকে বেরোনোর সময় ২০১৯ সালের ২৯ এপ্রিল দেখা যায়। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ভারতীয় পড়ুয়া মায়ুশী ভগত। আমেরিকার তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই, মায়ুশীকে হন্যে হয়ে খুঁজছে। তাঁর খোঁজ দিতে পারলে ১০ হাজার মার্কিন ডলারের পুরস্কারও ঘোষণা করেছে এফবিআই। তবে প্রশ্ন হল, কে এই মায়ুশী ভগত?
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তার অবস্থান বা উদ্ধারের তথ্যের জন্য, ১০,০০০ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। পাশাপাশি নিখোঁজ হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্তকরণ, গ্রেফতারি, শাস্তির কথাও বলছে।হাডপোস্টের তথ্য অনুযায়ী, ভগত ১৯৯৪ সালের ১২ জুলাই ভারতের গুজরাটের ভাদোদরায় জন্মগ্রহণ করেন এবং উচ্চশিক্ষার জন্য ২০১৬ সালে এফ-১ স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি প্রথমে নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরে নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্থানান্তরিত হন।
তাঁর পরিবার ২০১৯ সালের ১ মে পুলিশের কাছে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানায়। রহস্য দানা বাঁধে, মায়ুশীর বাবার হাতে আসা এক হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে। তাঁর বাবা জানিয়েছেন, ১ মে সাড়ে ১২টার দিকে তিনি মেয়ের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান, যেখানে প্রেরক জানিয়েছিল যে সে ভালো আছে এবং ৩ মে-র আগে ফিরবে না। তবে, তিনি সাংবাদিকদের বলেন যে বার্তাটি তাঁর মেয়ে লিখেছে বলে তিনি বিশ্বাস করেন না, কারণ এতে ব্যবহৃত ভাষা মেয়ের স্বভাবের সঙ্গে খাপ খায়না।

২০২২ সালের জুলাই মাসে এফবিআই-এর নিউ ইয়র্ক বিভাগ আনুষ্ঠানিকভাবে তাঁকে তাদের নিখোঁজ ব্যক্তিদের ওয়েবপেজে যুক্ত করে। এফবিআই নিউয়ার্ক ফিল্ড অফিস, জার্সি সিটি পুলিশ বিভাগ এবং নিউ জার্সি স্টেট পুলিশ যৌথভাবে এই তদন্ত পরিচালনা করছে। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ্যে জানানো হয়নি। তার বয়স এখন ৩১ বছর হতো।