Iran ‘attacks’ ships in Strait of Hormuz: হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে ইরান। আর ঘোষণার সঙ্গে-সঙ্গেই হরমুজ দিয়ে যাওয়া একটি ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছে বলে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তরফে দাবি করা হল। ব্রিটেনের প্রতিষ্ঠানের তরফে দাবি করা হয়েছে, ওই ট্যাঙ্কারের ক্যাপ্টেন জানিয়েছেন যে ইরানের রেভোলিউশনারি গার্ডস কোরের দুটি গানবোটের তাদের দিকে এগিয়ে আসে। আর কোনওরকম সতর্কতা না দিয়েই ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন ক্যাপ্টেন। যদিও বিষয়টি নিয়ে ইরানের তরফ আপাতত কোনও মন্তব্য করা হয়নি। তাতে অবশ্য উদ্বেগ কমেনি।
হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান
এমনিতে একপ্রস্থ নাটকের পরে ইরানের তরফে দাবি করা হয়, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে দেওয়া হবে না। ইরানের সামরিক কমান্ডের চরফে এক বিবৃতিতে বলা হয়, আমেরিকা ইরানের বন্দরে জাহাজ অবরোধ অব্যাহত রেখে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে প্রবেশকারী সব জাহাজের চলাচলের স্বাধীনতা ফিরিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত হরমুজের পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে থাকবে।
ইরানের বোট থেকে গুলি চালানোর দাবি
তারপরই বিভিন্ন জাহাজের কাছে ইরানের নৌসেনার তরফে বার্তা দেওয়া হয় যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার হরমুজ পার হওয়ার চেষ্টা করছে যে বাণিজ্যিক জাহাজগুলি, সেগুলিকে রেডিয়ো বার্তা পাঠিয়েছে ইরানের নৌসেনা। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওই জাহাজগুলি হরমুজ পেরোতে পারবে না। শুধু তাই নয়, ইরানের বোট থেকে গুলি চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে দুটি জাহাজের তরফে।

ব্রিটেনের সংস্থার তরফে কী বলা হল?
ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, একটি কন্টেনার জাহাজেও গুলি লেগেছে। তাছাড়া ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তরফে জানানো হয়েছে, তাদের কাছে বার্তা এসেছে যে ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরান। তবে ট্যাঙ্কারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কন্টেনারের সদস্যরাও সুরক্ষিত আছেন বলে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তরফে জানানো হয়েছে।