Iran slams Trump। সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবে ইরান! দাবি ছিল ট্রাম্পের, ‘১ ঘণ্টায় ৭ মিথ্যা’

Spread the love

Iran slams Donald Trump: ইরানের সঙ্গে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, তেহরান নাকি তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে আমেরিকাকে। যদিও ট্রাম্পের এহেন দাবি পুরোপুরি উড়িয়ে দিল ইরান। ইরানের বিদেশ মন্ত্রণালয় শুক্রবার রাতে বলেছে যে দেশটি তার সমৃদ্ধ ইউরেনিয়াম কাউকে হস্তান্তর করবে না। ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদেশি কোনও শক্তিকে তা স্থানান্তর করা হবে না।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান নাকি অনির্দিষ্টকালের জন্য তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে। এছাড়া ইরানের যে সম্পত্তি আমেরিকা বাজেয়াপ্ত করেছে, তাও ফেরত দওয়া হবে না বলে জানান ট্রাম্প। এরই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আবার জানান, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি স্থায়ী চুক্তি নিয়ে হতে পারে সপ্তাহান্তে। ট্রাম্পের কথায়, ‘মূল বিষয়গুলোর বেশিরভাগই চূড়ান্ত হয়ে গেছে। এটি (যুদ্ধ) খুব দ্রুত শেষ হবে’। উল্লেখ্য, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। এদিকে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা করেছে। এই ঘোষণায় বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম হু হু করে কমেছে। এদিকে ইরান অবরোধ তুলে নিলেও আমেরিকা এখনও হরমুজ প্রণালীর মুখে অবরোধ জারি রেখেছে।

এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন, লেবাননের সঙ্গে সংঘর্ষবিরতির বদলে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবে ইরান। এদিকে ট্রাম্প বলছেন, যতক্ষণ না ইরানের সঙ্গে তাদের ‘লেনদেন’ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধ করে রাখবে আমেরিকা। এদিকে ট্রাম্প আরও বলেন, যদি আমেরিকা ও ইরানের মধ্যে কোনও চুক্তি সম্পন্ন না হয়, তাহলে ফের ইরানে বোমা ফেলবে আমেরিকা।

এরপর ইরানি পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গলিবাফ আমেরিকাকে পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা যদি হরমুজে অবরোধ জারি রাখে, তাহলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তিনি বলেন, ‘এই সব মিথ্যা বলে আমেরিকা যুদ্ধ জিততে পারেনি, আলোচনার ক্ষেত্রেও তারা এই সব মিথ্যা বলে কিছু অর্জন করবে না। হরমুজ প্রণালী খোলা কি বন্ধ বা কোন নিয়মে এটা চলবে, তা নির্ধারণ করা হবে জমিতে।’ ইরানি স্পিকার দাবি করেন, ট্রাম্প ১ ঘণ্টায় ৭টা মিথ্যা বলেছেন। যদিও ট্রাম্পের কোন কোন দাবিকে তিনি ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন, তা তিনি স্পষ্ট করে দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *