কিছুদিন আগেই ছেলেকে ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। এবার নিজেই হাসপাতালে ভর্তি হলেন সংগীত শিল্পী জোজো মুখোপাধ্যায়। শুধু তাই নয়, করতে হয়েছে অপারেশন। কিন্তু হঠাৎ কী হল গায়িকার?
জোজো জানিয়েছেন, বেশ অনেকদিন আগে শ্যুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সমস্যাই এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকদিন ধরেই তিনি হিপ জয়েন্টের ব্যথায় ভুগছিলেন। কিন্তু কাজ থামান নি তিনি, যার ফলে চোটের ওপর আঘাত লেগে সেই সমস্যা আরও বাড়ছিল।
সংগীতশিল্পী আরও জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে ব্যথা কমার ওষুধ থেকে ইনজেকশন সবকিছুই নিয়েছেন তিনি। অবস্থা এমনও ছিল যে লাঠি নিয়ে তিনি এসেছিলেন শ্যুটিংয়ে। কিন্তু তাতেও রক্ষা হলো না। শেষমেষ অপারেশন করতে হল।
সোমবারই অপারেশন হয়েছে তাঁর। তবে তিনি এখন অনেকটাই সুস্থ। হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি। খুব সম্ভবত শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি আসবেন বলে জানিয়েছেন জোজো।
তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও আপাতত বাড়িতেই বিশ্রাম করতে হবে জোজোকে। এই মুহূর্তে নেই হাঁটার অনুমতিও। তবে গরমকাল বলে বাইরে শো এখন একেবারেই নেই তাই তিনি অনেকটা সময় পাবেন বিশ্রাম করার জন্য।

প্রসঙ্গত, গত ১৩ মে ছেলের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান জোজো। খুব স্বাভাবিকভাবেই তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন সেই সময়। যদিও এখন আদি অনেকটাই সুস্থ এবং সে বাড়ি ফিরে এসেছে। এর মধ্যেই আবার জানা গেল জোজোর হাসপাতালে ভর্তি হওয়ার খবর।