Kamal Hassan Slams Trump। ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’ দেওয়া ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান

Spread the love

বিশ্ব বাজারে তেলের দাম চড়চড়িয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানির দর নিয়ন্ত্রণে রাখতে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ‘অনুমতি’ দিয়েছে আমেরিকা। যদিও ভারত সেই তথকথিত অনুমতি বা ছাড়ের তোয়াক্কা করে না। এই আবহে এবার ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই নিয়ে পোস্ট করেন কমল।

নিজের পোস্টে কমল হাসান লেখেন, ‘প্রিয় রাষ্ট্রপতি মহোদয়, আমরা, ভারতের জনগণ, একটি স্বাধীন ও সার্বভৌম জাতির মানুষ। আমরা আর বিদেশিদের থেকে আদেশ গ্রহণ করি না। দয়া করে আপনি নিজের কাজ নিয়ে মাথা ঘামান। সার্বভৌম দেশগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী বিশ্ব শান্তির একমাত্র ভিত্তি। আমরা আপনার দেশ এবং এর জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করি।’

প্রসঙ্গত, ইরান যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে আইআরজিসি। তাই হরমুজ প্রণালীতে শ’য়ে শ’য়ে ট্যাঙ্কার আটকে পড়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম রকেট গতিতে উর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার ‘ছাড়’ দেয় আমেরিকা। ভারতকে রাশিয়ার তেল কিনতে বলে আমেরিকা ইতিমধ্যেই একটি ‘নির্দেশিকা’ জারি করেছে। তাতে বলা হয়েছে, ইতিমধ্যেই যে রাশিয়ান তেল সাগরে রয়েছে, তা কিনতে পারে ভারতীয় শোধনাগারগুলি।

গত ফেব্রুয়ারি মাসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে ভারতের পণ্যের ওপর থেকে শাস্তিমূলক ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ান তেল কেনার জন্যে বিগত বশ কয়েক মাস ধরে এই শুল্ক ধার্য করা ছিল ভারতের ওপর। তবে সম্প্রতি ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে নয়াদিল্লি এবং ওয়াশিংটন একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। সেই চুক্তির ফলে ভারতের পণ্যের ওপর থেকে শাস্তিমূলক শুল্ক কমায় আমেরিকা। তবে সেই সময় ট্রাম্প ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন, ভারত যদি আবার রাশিয়ার তেল কেনে, তাহলে ভারতের ওপর ফের শুল্ক চাপানো হবে। পরে বাণিজ্য চুক্তি সংক্রান্ত ‘ফ্যাক্টশিট’-এ হোয়াইট হাউজ প্রথমে দাবি করে, ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ করবে। এবং সেই ফ্যাক্টশিট জারির একদিনের মাথায় তা ‘সংশোধন’ করা হয়। এবং বলা হয়, ভারত রুশ তেল কেনা কমানোর চেষ্টা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *