
দুর্গাপুজোর আর ১০০ দিনও বাকি নেই। ঢাকে কাঠি পড়তেই শুরু হয়ে গিয়েছে উৎসবের তোড়জোড়। সেই আবহেই নিজেদের বহু প্রতীক্ষিত মহালয়া নিবেদন ‘জাগো মহিষাসুরমর্দিনী’-র প্রথম বড় চমক সামনে আনল Bong Sensation। প্রকাশ্যে এল এই প্রযোজনায় দুর্গারূপে ইশিতা চক্রবর্তীর প্রথম লুক, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বাড়িয়েছে।
প্রতি বছরের মতো এবারও সম্পূর্ণ ছাত্রছাত্রীদের উদ্যোগে তৈরি হচ্ছে এই মহালয়া নিবেদন। সকলের একটাই লক্ষ্য—নিজেদের সৃজনশীলতাকে আরও বড় পরিসরে পৌঁছে দেওয়া এবং দর্শকদের এমন একটি উপস্থাপনা উপহার দেওয়া, যা মনে দাগ কেটে যাবে।
এই প্রযোজনায় দুর্গারূপে দেখা যাবে ইশিতা চক্রবর্তী-কে। এছাড়াও মাতৃরূপে রয়েছেন কঙ্কনা সেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিবাঙ্ক সাহা, চিরঞ্জিত বাড়াই,নীলেশ সাহা, সৌমদীপ ঘোষ-সহ আরও অনেক শিল্পী।
প্রযোজনায় রয়েছেন প্রিয়াংশু সাহা ও অরিত্র দে। ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন অরিত্র দে। স্ক্রিপ্ট ও সহ-চিত্রনাট্যে রয়েছেন সৌমদীপ ঘোষ। সঙ্গীত পরিচালনা ও সুরে রয়েছেন অর্ঘ্য চক্রবর্তী।
প্রযোজনার নেপথ্যে সমান নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে গোটা টিম। বিশেষ সহযোগিতায় রয়েছেন বৃষ্টি সাহা, নীলেশ সাহা-সহ সমগ্র টিম। রূপসজ্জায় রয়েছেন সৌরভ সাহা এবং ভিএফএক্স-এর দায়িত্বে রয়েছেন বিপ্লব রায়।
পরিচালক অরিত্র দে জানিয়েছেন, প্রতি বছরের অভিজ্ঞতা থেকেই তাঁরা প্রতিনিয়ত নিজেদের কাজকে আরও উন্নত করার চেষ্টা করছেন। এবারের মহালয়ায় দর্শকদের জন্য থাকছে আরও বড় ক্যানভাস, আরও যত্নশীল নির্মাণ এবং নতুন কিছু ভাবনার বাস্তবায়ন। তাঁর কথায়, তাঁদের একটাই লক্ষ্য—প্রতিবছর আগের কাজকে ছাপিয়ে আরও ভালো কিছু উপহার দেওয়া।

এদিকে ইশিতা চক্রবর্তী জানিয়েছেন, Bong Sensation-এর সঙ্গে এর আগেও তিনি কাজ করেছেন। এই টিম তাঁর কাছে একেবারে নিজের পরিবারের মতো। শুটিংয়ের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ, আন্তরিকতা এবং ভালোবাসায় ভরপুর। তাঁর কথায়, “এটা আমার নিজের চ্যানেলের মতোই। আমরা প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের আমাদের এই মহালয়া নিবেদন ভালো লাগবে। সকলকে অনুষ্ঠানটি দেখার আন্তরিক আমন্ত্রণ রইল।”
তবে এখানেই শেষ নয়। নির্মাতা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাগো মহিষাসুরমর্দিনী’-তে শুধু নয়, অনুষ্ঠানের গান, কাহিনি, উপস্থাপনা, দৃশ্যায়ন এবং নির্মাণ—সব ক্ষেত্রেই একাধিক বিশেষ চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। সেই চমক এখনই প্রকাশ করতে নারাজ টিম। সময়ের সঙ্গে ধীরে ধীরে সামনে আসবে প্রতিটি নতুন আপডেট।
দুর্গারূপে ইশিতা চক্রবর্তীর প্রথম লুক প্রকাশের পর থেকেই ‘জাগো মহিষাসুরমর্দিনী’-কে ঘিরে বাড়ছে আগ্রহ। এখন দর্শকদের অপেক্ষা আগামী আপডেট এবং মহালয়ার মূল নিবেদনের অপেক্ষায় সকলে।