ছোটবেলায় যাঁকে টিভির পর্দায় দেখে মন মেতে উঠত, যাঁর অভিনয়ের জন্য ছিল এক অদ্ভুত পাগলামো— বড় হয়ে ঠিক তাঁরই বিপরীতে ‘অন-স্ক্রিন’ স্ত্রী হিসেবে অভিনয় করা! যে কোনও অভিনেত্রীর কাছেই এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো এক অবিশ্বাস্য মুহূর্ত। ঠিক তেমনই এক রূপকথার জার্নি ভাগ করে নিলেন ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দা গুহ।
টলিউডের প্রথম সারির অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে অলকানন্দা আসছেন এক ঐতিহাসিক প্রজেক্টে। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়াতে’-তে গৌরব চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অলকানন্দাকে। কিন্তু এই বহুচর্চিত বায়োপিকে কোন চরিত্রে রয়েছেন গৌরব-অলকানন্দা?
পরিচালক রাজদীপ ঘোষের এই বিশেষ প্রজেক্ট ‘গুনগুন করে মহুয়াতে’-তে গৌরব চক্রবর্তী অভিনয় করছেন পুলিশ অফিসার ‘নবীন’-এর চরিত্রে। আর তাঁর যোগ্য সহধর্মিণী ‘মাধবী’ হিসেবে পর্দায় ঝড় তুলতে তৈরি অলকানন্দা। পিরিয়ড ড্রামার ছকে তৈরি এই ছবির প্রথম লুকে দুজনকে এক্কেবারে আশির দশকের চেনা বাঙালি সাজে আবিষ্কার করা গেছে, যা দর্শকদের নস্টালজিয়াকে উস্কে দিয়েছে। এই ছবিতে মহুয়ার মৃত্য়ু তদন্তের দায়িত্বে থাকবেন গৌরব।
‘ছোটবেলার পাগলামো থেকে আজ ওঁর স্ত্রী!’— অলকানন্দার আবেগঘন পোস্ট
নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে গৌরব চক্রবর্তীর সাথে ছবির প্রথম লুক শেয়ার করে অলকানন্দা তাঁর মনের সমস্ত আবেগ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় তাঁর সিরিয়াল দেখার জন্য পাগলামো করা থেকে আজ একটি সিনেমায় আমি তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করলাম। আমার চরিত্রের নাম মাধবী, আমি শুধু এরম কিছু ভালো কাজ করে যেতে চাই। কাজ শিখতে চাই অনেক বেশি। নবীন ও মাধবী আসছে খুব শীঘ্রই…’।
অলকানন্দার এই পোস্টের নিচে টলিউডের সতীর্থ থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, পরিশ্রম এবং সততা থাকলে যে স্বপ্ন সত্যি হয়, অলকানন্দা তার বড় প্রমাণ।

এই প্রথম গুনগু করে মহুয়া সিনেমার কোনও চরিত্রে অফিসিয়্যাল লুক সামনে এল। এই ছবিতে একদিকে ধরা পড়বে মহুয়ার শৈশব-চলচ্চিত্র জগতের শীর্ষে ওঠে আসা। অন্যদিকে ধরা পড়বে তাঁর মৃত্যু রহস্য, যা আজও রহস্যই রয়ে গিয়েছে। ১৯৮৫ সালের ২২ জুলাই আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল মহুয়ার। জানা যায়, ছেলে তমালের দুধ গরম করতে গিয়ে পুড়ে মারা যান অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। এই ছবিতে মহুয়ার চরিত্রে থাকছেন অঙ্কিতা মল্লিক। মহুলার মেয়েবেলার অংশ দেখা যাবে দিব্য়াণী মণ্ডল। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি, জানিয়েছেন প্রযোজক রানা সরকার।