Marco Rubio। কয়েক ঘণ্টাতেই গোটা বিশ্ব একটা সুখবর পেতে চলেছে! জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরে বললেন রুবিও

Spread the love

রবিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারত এবং আমেরিকার প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের পরই বড় এক ঘোষণা করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি বলেন, ‘আর কয়েক ঘণ্টার মধ্যেই গোটা বিশ্ব একটা সুখবর পেতে চলেছে।’ এই মন্তব্য তিনি ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দিয়েছেন নাকি ইরান যুদ্ধ বা অন্য কিছু, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এদিকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে ভারত-মার্কিন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই বৈঠকের শুরুতেই আবার রুবিও বলেন, ভারত ও আমেরিকার সম্পর্ক বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে।

জয়শঙ্কর-রুবিও বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, ইরান সংঘাত, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং ভিসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য রুট সচল রাখা নিয়ে দুই দেশই গুরুত্ব দিয়েছে। এর আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করেন রুবিয়ো। সেখানে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী জানান, বিশ্বশান্তি ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে ভারত ও আমেরিকা ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে।

সূত্রের খবর, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে ভারত-আমেরিকা সম্পর্ককে আরও শক্তিশালী করতেই এই উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, চলতি সফরে কলকাতা, দিল্লি-সহ একাধিক শহরে কর্মসূচি রয়েছে মার্কিন বিদেশসচিবের। আগামী Quad বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগেই এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *