তসরের পাঞ্জাবি, মাথায় পাগড়ি, তা দেওয়া বড় গোঁফ!

Spread the love

গত বছরেরে শেষ থেকেই একের পর এক চমক দিয়ে চলেছেন দেব। একগুচ্ছ ছবির ঘোষণা ইতিমধ্যেই সেরে রেখেছেন নায়ক। স্বাধীনতা দিবসের আবহে তাঁর নতুন ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে। তাছাড়াও চলতি বছরের পুজোয় আসছে ‘দেশু ৭’ এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। তবে এর মাঝেই একেবারে নয়া অবতারে রাজবেশে ছবি পোস্ট করলেন দেব।

সামনে দেবের যে সব ছবি আসছে তার মধ্যে কোনও ছবিতেই যে দেবের এই লুক হতে পারে তার আভাস আগে থেকে মেলেনি। তবে কি এই ছবি দিয়ে দেব সম্পূর্ণ নতুন কোনও ছবির কথা ঘোষণা করলেন? নাকি দাদাগিরির প্রোমোর ঝলক এটি?

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি আনলিমিটেড। এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে বেশ কয়েক মাস আগে খবর এসেছে তাঁকে আর এই শোতে দেখা যাবে না। তার পরিবর্তে তাঁকে এবার স্টার জলসায় ‘বিগ বস’-এ দেখা যাবে। তারপর ‘বিগ বস’-এর গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানও হয়।

তার মাঝেই গুঞ্জন শোনা যায় জি বাংলায় দাদাগিরি আসছে না। তার পরিবর্তে আসছে ‘ড্রামাবাজ’। এই অনুষ্ঠানের একটি প্রোমোও সামনে আসে। কিন্তু এরপর ফের গুঞ্জন শুরু হয় এবারও ‘সা রে গা মা পা’ পর দাদাগিরি আসছে। কিন্তু কে হবেন এই অনুষ্ঠানে সঞ্চালক? সেই প্রশ্ন উঠতেই একাধিক নাম সামনে আসে। গুঞ্জন শোনা যায় টেনিস তারকা লিয়েন্ডার পেজ থাকতে পারেন। তারপরই সামনে আসে দেবের নাম। এর পর নির্মাতাদের পক্ষ থেকেই দেব সঞ্চালক হচ্ছেন সেই ইঙ্গিত দেওয়া হয়। এবার অবশেষে এই শোয়ের প্রোমও শ্যুট করেন দেব। এটা কি তবে প্রোমোর ঝলক? সেই উত্তর এখনও অধরা।

রবিবার দেব একটি ছবি পোস্ট করেন। সেখানে জরির বর্ডার দেওয়া তসরের পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি, তা দেওয়া বিরাট গোঁফে দেখা মেলে নায়কের। একেবারে ‘রাজার রাজা’ তিনি। কাঠের চেয়ারে তাঁকে বসে থাকতে দেখা যায়। ছবিটি পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, ‘একদম নতুন অবতারে দেখা হবে। এই ২৫ মে।’ ফলে এর থেকেই বোঝাই যায় এই ২৫ মে নায়কের এই লুকের নেপথ্যের আসল রহস্য ফাঁস হতে চলেছে।

তিনি ছবি পোস্ট করতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘মহারাজা তোমারে সেলাম’। আর একজন লেখেন, ‘শীত গ্রীষ্ম বর্ষা দেব দাই ভরসা’। আর এক অনুরাগী লেখেন, ‘শিরায় শিরায় রক্ত দেব দার চরম ভক্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *