সদ্য ৯ মে, ২০২৬ সালে শপথ নিয়েছে রাজ্যের বিজেপি মন্ত্রিসভা। এরপর থেকেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার রাজ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। কিছুদিন আগেই রাজ্য বিজেপি চিফ শমীক ভট্টাচার্যও রাজ্যে বিনিয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এরই মাঝে ‘আনন্দবাজার ডট কম’র প্রতিবেদন দাবি করছে, মার্কিন বিদেশ সচিব তথা ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মার্কো রুবিও তাঁর ভারত সফরকালে আসতে পারেন কলকাতায়।
মার্কিন সংবাদমাধ্যমের সূত্রকে উল্লেখ করে ওই রিপোর্ট দাবি করছে, ভারতের সফরের মাঝে সম্ভবত কলকাতায় পা রাখতে পারেন মার্কো রুবিও। তাহলে কি বড় বিনিয়োগের আভাস? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে রিপোর্ট বলছে, আগামী ২৪, ২৫ ও ২৬ মে, রুবিও ভারত সফরে থাকছেন বলে খবর। দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দেবেন। এছাড়া, কোয়াডভূক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনেও তিনি উপস্থিত থাকবেন। এদিকে, রুবিওর ভারত সফরে আসার আগে, ভারতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোর আশা প্রকাশ করছেন যে, ভারতের ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ, সম্ভবত বাস্তবায়িত হতে পারে। রুবিও-র এই সফরে, তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।
এদিকে, রাজ্যে ভিন দেশের তাবড় অতিথি আগমনের ইতিহাসে যদি চোখ রাখা যায়, তাহলে ২০১২ সালের উল্লেখযোগ্য পর্বে ফিরে যেতে হবে! সেই বছর তৃণমূল সরকারের জমানায় রাজ্যে সফর করেছিলেন তৎকালীন মার্কিন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি মার্কিন প্রাক্তন প্রেসিডেন্টের স্ত্রীও।সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে বৈঠকেও বসেছিলেন হিলারি ক্লিন্টন। তবে এবার মার্ক রুবিও কলকাতায় সফর করেন কি না, সেদিকে নজর সব মহলের।
