বিয়ে নিয়ে প্রশ্ন শুনেই হেঁয়ালি ভরা জবাব মিমির

Spread the love

 

Mimi Chakraborty Marriage:

টলিপাড়ায় কান পাতলেই এখন একটাই গুঞ্জন—ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী। গত কয়েক দিন ধরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার পারদ চড়েছে হু-হু করে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির বিয়ের কার্ড, যা নিয়ে উত্তাল নেটপাড়া (Mimi Chakraborty Marriage)। সেই কার্ডে বর-কনের পাশে দেখা গিয়েছে তিন সারমেয়র। যা দেখে কারুর বুঝতে অসুবিধা হবে না, তারা মিমির প্রাণপাখী চিকু জুনিয়র-ম্যাক্স এবং জাদু। সম্প্রতি শহরের এক প্রমোশন্য়াল ইভেন্টে পাপারাৎজিদের মুখোমুখি নায়িকা।

চলতি ডিসেম্বরেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন (Mimi Chakraborty Marriage) জনপ্রিয় এই অভিনেত্রী-সাংসদ—এমন গুঞ্জনই এখন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও এই বিষয়ে মিমি নিজে মুখে কুলুপ এঁটেছেন, তবুও ফাঁস হওয়া কার্ড ঘিরে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের। এদিন বিয়ের কার্ডে পোষ্যদের ছবি থাকা নিয়ে প্রশ্ন করা হলে আকাশ থেকে পড়ার ভান করেছিলেন মিমি। রহস্য বজায় রেখে বলেন, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’

কিন্তু নাছোড়বান্দা সাংবাদিকরাও। অবশেষে জল্পনা জিইয়ে মিমি শুধু বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’

মিমির এই রহস্যময় হাসি ও গোলমেলে উত্তরই জল্পনাকে যেন আরও উসকে দিয়েছে (Mimi Chakraborty Marriage)। টলিপাড়ার অন্দরের ফিসফিসানি, কবে সবটা খোলাসা করবেন নায়িকা? জানা যাচ্ছে, সিদ্ধার্থ দত্তর সঙ্গে সাত পাক ঘুরবেন নায়িকা।

Mimi Chakraborty Siddharth Dutta Marriage

Mimi Chakraborty Marriage

 

কে এই সিদ্ধার্থ দত্ত?

কলকাতার ছেলে সিদ্ধার্থের পড়াশোনা শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ‘ক্যালকাটা বয়েজ স্কুল’ (Calcutta Boys’ School) থেকে। এরপর নৌ-প্রকৌশল বা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভি (Merchant Navy) দুনিয়ায় পা রাখেন তিনি। ২০০৮ সালের মার্চ মাস থেকে টানা যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের (UK) নামজাদা আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘Shell Ship Management Limited’-এর সঙ্গে। শিক্ষানবিস হিসেবে ক্যারিয়ার শুরু করে দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও দক্ষতায় আজ তিনি (Siddharth Dutta) সেই বহুজাতিক সংস্থার দায়িত্বশীল সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার। বিশাল আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন রুম সামলানো এবং বিশ্বজুড়ে সমুদ্রে ভেসে বেড়ানোই তাঁর পেশা।

সোশাল মিডিয়ায় লুকিয়ে ছিল প্রেমের সূত্র:

বিনোদন জগতের আলো-ঝলমলে পরিবেশের থেকে সিদ্ধার্থের (Siddharth Dutta) জীবন সম্পূর্ণ আলাদা। তবে রূপোলি পর্দার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, টলিপাড়ার ভেতরের বেশ কয়েকজন তারকা বন্ধুর ঘনিষ্ঠ বৃত্তে তাঁর যাতায়াত ছিল। বিশেষ করে গত বছরের দুর্গাপুজোর আড্ডায় বন্ধুদের ভিড়ে মিমির পাশাপাশি হাসিমুখে দেখা মিলেছিল এই সিদ্ধার্থের! অনুরাগী ও মিডিয়ার নজর এড়িয়ে এতদিন বিষয়টি গোপন থাকলেও, সম্প্রতি দুজনের সম্পর্কের রসায়ন প্রকাশ্যে এসেছে। তবে জানতে অবাক হবেন, এখনও সিদ্ধার্থকে ইনস্টাগ্রামে ফলো করেন না মিমি। অন্তত নিজের ভ্যারিফায়েড প্রোফাইল থেকে। ডুবে ডুবে জল খেতেই যে সেই বন্দোবস্ত তা আর বলতে!

শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। নিকটাত্মীয় এবং বন্ধুবান্ধবদের কাছে নাকি খবর পৌঁছে গিয়েছে। এই মাসেই আইনি রেজিস্ট্রি সারবেন মিমি ও সিদ্ধার্থ। এরপর কনকনে শীতে, অর্থাৎ ডিসেম্বর মাসে পাহাড়ি শৈলশহর কালিম্পংয়ে বসবে তাঁদের চোখধাঁধানো ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর আসর।

 

Read More: Entertainment
Follow Us on: YouTube

Leave a Reply