কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)-এর উদ্বোধনী মঞ্চ মানেই চলচ্চিত্রপ্রেমীদের কাছে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকাদের দেখার বিশেষ অভিজ্ঞতা। বিগত বছরগুলোতে নেতাজি ইন্ডোরের মঞ্চে তাঁদের উপস্থিতি চলচ্চিত্র উৎসবের জৌলুস বাড়িয়ে দিত। বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর বদলে গিয়েছে সবকিছুই। তার প্রভাব ছবি উৎসবেও। বিজেপি ক্ষমতায় আসবার পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম চলচ্চিত্র উৎসব। রবিবার নন্দনে আনুষ্ঠানিকভাবে সামনে এল কিফ-এর নতুন লোগো।
নীল সরে কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো এখন গেরুয়াময়। যা ডিজাইন করেছেন সন্দীপ রায়। গোটা অনুষ্ঠান যজ্ঞের দায়িত্ব ছিল চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তীর কাঁধে। হাজির ছিলেন জিৎ-প্রসেনজিৎ-হিরণরা। অনুষ্ঠানের তাল কাটল বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর এক মন্তব্যকে ঘিরে। যার জেরে ক্ষুব্ধ শাহরুখ-অমিতাভ ভক্তরা।
কী বলেছেন মিঠুন চক্রবর্তী?
আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ-অমিতাভ আসবেন কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে বেজায় বিরক্তির সুরে মহাগুরু বলেন, ‘তাঁরা ছিলেন এখন আর কেউ নেই’। শাহরুখ এবং বচ্চন দুজনের নাম শুনেই একই কথা রিপিট করেন মিঠুন। তিনি জানিয়েছেন, এবারের চলচ্চিত্র উৎসবের অতিথি তালিকায় থাকবে রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাওয়াতের মতো সুপারস্টাররা।
একসময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন শাহরুখ খান। নাড়ির টান না থাকলেও কলকাতার সঙ্গে শাহরুখ জড়িয়ে আছেন ওতোপ্রোতভাবে। অন্য়দিকে অমিতাভ বচ্চন বাংলার জামাই। তবে বচ্চন পরিবারের মমতা-ঘনিষ্ঠতার কথা কারুর অজানা নয়। সে কারণেই কি এই বিরক্তি?
জন্মদিনের ঠিক আগের দিন শাহরুখকে নিয়ে করা মিঠুনের এই মন্তব্য আহত-ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা।
