Owaisi breaks alliance with Humayun: ‘হাজার কোটি টাকার ডিল’ ভিডিয়োর ধাক্কা! পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিল আসাদউদ্দিন ওয়েইসির মিম বা এএমআইএমআই। শুক্রবার ভোরের দিকে মিমের তরফে আনুষ্ঠানিকভাবে বলা হয়, ‘হুমায়ুন কবীরের যে যে কথা ফাঁস হয়েছে, তা দেখিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা বিপজ্জনক অবস্থায় আছেন। এআইএমআইএম এমন কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়।’
সেইসঙ্গে মিমের তরফে বলা হয়, ‘আজ থেকে এআইএমআইএম কবীরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাওদের জন্য কিছুই করা হয়নি। যে কোনও রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে এআইএমআইএমের নীতি স্পষ্ট, প্রান্তিক জনগোষ্ঠী যেন একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর পায়। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনও দলের সঙ্গে আমাদের কোনও জোট থাকবে না।’
AIMIM-ও বিজেপির এজেন্ট, তোপ মহুয়ার
যদিও ওয়াইসির দলের সেই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছেন, ‘যে সত্য আমরা প্রথম দিন থেকে জানতাম, সেই সত্যটি গতকাল প্রকাশ্যে একটি ভিডিয়োয় প্রমাণিত হল – বিজেপি দল বাংলায় হুমায়ুন কবীরকে ১০০০ কোটি টাকার বিনিময়ে মুসলিমদের বোকা বানিয়ে ভোট বিভাজনের কাজে লাগিয়েছিল। আজ আরও একটি বিজেপি দ্বারা পরিচালিত পার্টি AIMIM নিজের মুখরক্ষার জন্য হুমায়ুন থেকে দূরত্ব তৈরি করছে। কেউ বোকা নয় – আমরা সব বুঝি। দয়া করে এই সাম্প্রদায়িক বিজেপির এজেন্টদের একটা ভোট ও দেবেন না।’

হুমায়ুন ১,০০০ কোটি টাকার ডিল করেছেন বিজেপির সঙ্গে?
আর যে ভিডিয়োর কথা বলেছেন ওয়াইসি বা মহুয়ারা, তা বৃহস্পতিবার সামনে এসেছে। একটি ভিডিয়ো (সেই ভিডিয়োর পৃথকভাবে সত্যতা যাচাই করেনি ইনিউজ বাংলা) দেখিয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়দের হারাতে বিজেপির সঙ্গে নাকি ১,০০০ কোটি টাকার ‘ডিল’ করেছেন হুমায়ুন। ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি ইনিউজ বাংলা) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি-শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নামও নাকি হুমায়ুন বলেছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়।
AI দিয়ে তৈরি ভিডিয়ো, দাবি হুমায়ুনের
যদিও হুমায়ুন দাবি করেন যে ওই ভিডিয়োটি ভুয়ো। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে সেই ভিডিয়ো তৈরি করা হয়েছে। যদি ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারে তৃণমূল, তাহলে ২,০০০ কোটি টাকার মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন হুমায়ুন। তাতে অবশ্য ওয়াইসির আস্থা পেলেন না তিনি।