Parliament Special Session Number Game: সংসদের বিশেষ অধিবেশনে নম্বরের চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। আজ থেকে সংসদের যে তিনদিনের বিশেষ অধিবেশন শুরু হতে চলেছে, তাতে নরেন্দ্র মোদী সরকার একসঙ্গে তিনটি বিল পেশ করতে চলেছে বলে সূত্রের খবর। ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই নয়া মহিলা আসন সংরক্ষণ আইন প্রণয়ন করতেই মোদী সরকার সেই ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ আনছে। যে বিলের মাধ্যমে আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ থাকব)। সেই বিলের সঙ্গে ১৩১ তম সংবিধান সংশোধনী বিল পেশ করা হতে পারে। তার ফলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে পৌঁছে যেতে পারে ৮৫০-তে।
বিল পাশ ও সরকারের নম্বর ‘গেম’
যে তিনটি বিল (সংবিধানের ১৩১ তম সংশোধনী, সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংক্রান্ত সংশোধনী বিল) পেশ করা হবে, তার মধ্যে শেষের দুটি হল সাধারণ বিল। ফলে সেগুলি পাশ করার জন্য স্রেফ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। কিন্তু সংবিধান সংশোধনী বিল পাশ করার জন্য সংসদে উপস্থিত এবং ভোট দেওয়া সদস্যদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে। বিরোধীরা ওয়াক-আউট করলে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা কমে আসতে পারে।
১) লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অর্থ হল ৩৬২। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন এনডিএয়ের কাছে ৩০০ জনের নীচে আছে। এর অর্থ এখনও ৬০-র মতো অতিরিক্ত ভোটের প্রয়োজন।
২) রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক নম্বর হল ১৬০-র বেশি। এনডিএয়ের হাতে ১৪০-র সামান্য বেশি আছে। ফলে আরও সহায়তা দরকার।

সরকার বনাম বিরোধী পক্ষ
আর সেই সমর্থন জোগাড় সহজ হবে না। বিরোধীদের বক্তব্য, তারা মহিলা সংরক্ষণ বিল সমর্থ।, তবে সরকারের সীমানা পুনর্নির্ধারণ এবং এটিকে ২০২৯ সালের নির্বাচনের সঙ্গে যুক্ত করার কারণে এই বিলগুলির বিরোধিতা করতে বাধ্য হয়েছে। ২০১১ সালের আদমশুমারির উপর ভিত্তি করে আসনগুলি পুনরায় নির্ধারণ করা হলে কেবল এনডিএকে উপকৃত করবে। সেইসঙ্গে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সংসদীয় ক্ষমতা হ্রাস করতে পারে এবং তাদের প্রান্তিক দিকে ঠেলে দিতে পারে।
রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে মোদী সরকার নিজেদের ফায়দা লুটতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই আসনের পুনর্বিন্যাস করার পরিকল্পনা করছে। এই বিলটি সাংবিধানিক সুরক্ষাগুলি সরিয়ে দেয় এবং সরকার নিযুক্ত কমিশনকে পূর্ণ ক্ষমতা দেয়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন যে কোনও দলই নীতিগতভাবে মহিলা সংরক্ষণের বিরোধিতা করছে না এবং সকলেই এই ভাবনা নিয়ে একজোট রয়েছেন।