ভোট পূর্ববর্তী সময় থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজনীতিতে প্রবেশ করার বিষয় নিয়ে তুমুল জল্পনা কল্পনা চলেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। ভোটের আবহে সুকান্ত মজুমদার, শমিক ভট্টাচার্যের মতো বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন প্রসেনজিৎ, খুব স্বাভাবিকভাবেই তখন রটে গিয়েছিল প্রসেনজিৎ বিজেপি নিয়ে যোগদান করতে চলেছেন। যদিও এই গুঞ্জন যে শুধু মাত্র গুজব, সেটা স্পষ্ট করে দিয়েছিলেন অভিনেতা নিজেই।
ভোটের পালাবদলের পর গত সোমবার বিকেলে অমিত শাহের সঙ্গে দেখা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়। এই সাক্ষাতের কথা জানাজানি হতেই আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এই গুঞ্জনের মধ্যেই এবার নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেতার এই বৈঠক, অভিনেতার দলে যোগ দেওয়ার সেই গুঞ্জন যে আরও কিছুটা মাত্রা পেল সেটা বলাই বাহুল্য। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায়, ইউসুফ পাঠানরাও।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত সোমবার রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তৃণমূলের ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক পদত্যাগ করার পর যে আসন খালি রয়েছে সেই আসনের ভোট হবে আগামী ২৪ জুলাই। এই ভোটের আবহে বারবার বিজেপির শীর্ষনেতাদের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বারবার সাক্ষাৎ দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ নাকি এর পেছনে রয়েছে কোনও রাজনৈতিক অঙ্ক আছে কিনা সেটাই এখন দেখার।
তবে অভিনেতার রাজনৈতিক যোগ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই বৈঠকের নেপথ্যের আসল কারণ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ নিজেই। সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, রাজনৈতিক বিষয় নিয়ে কোনও কথা হয়নি। যা কথা হয়েছে শুধু ইন্ডাস্ট্রি নিয়েই কথা হয়েছে। উত্তম কুমারের ১০০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ উদযাপন নিয়ে হয়েছে আলোচনা।

প্রসেনজিৎ বলেন, ‘উত্তম জেঠুর ১০০ বছরের বিশেষ উদযাপন নিয়ে একটি পরিকল্পনা করা হয়েছে। আমার মনে হয় উত্তম কুমার শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভালোবাসার মানুষ, গোটা ভারতবর্ষে এমনকি বিশ্বের কাছেও তিনি মহানায়ক। উত্তম কুমারের ১০০ বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষেই একটি অনুষ্ঠানের আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছে, সেই কথা বলতেই আমার নবান্নে যাওয়া।’