বাংলা টেলিভিশন দুনিয়ার একচ্ছত্র সাম্রাজ্য এবং তুমুল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)-এর সমীকরণ এবার একবারে বদলে যেতে চলেছে। বিগত ১৫ বছর ধরে যে মঞ্চের অবিসংবাদিত ‘দিদি’ হিসেবে দর্শক হৃদয়ে রাজত্ব করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়, এবার সেই আসনে দেখা যাবে এক নতুন মুখ। রচনার পরিবর্তে ‘দিদি নম্বর ১’-এর নতুন সঞ্চালিকা হয়ে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্বস্তিকা সঞ্চালিত দিদি নম্বর ১ সিজন ১০-এর প্রচার ঝলক।
টেলিভিশনের এই ঐতিহাসিক কুর্সি বদল নিয়ে যখন নেটপাড়ায় জোর গুঞ্জন, তখনই এই বিষয়ে সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেত্রী তথা সাংসদ (তৃণমূল ত্য়াগী) রচনা বন্দ্যোপাধ্যায়।
কেন ‘দিদি নম্বর ১’ ছাড়লেন রচনা?
১৫ বছরের এই দীর্ঘ সফরে হঠাৎ এমন কী হলো যার জন্য সঞ্চালিকা পরিবর্তন করতে হলো? রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি আরও একাধিক কাজের চাপের কথা উল্লেখ করে আনন্দবাজার অনলাইনকে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার কাজের চাপ আছে। এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা পুরোপুরি চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুন ভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না।’
‘ওদের প্রমাণ করে দেখাতে হবে রচনা ছাড়া এই শো সফল হতে পারে’
নতুন টিমের দিকে একপ্রকার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রচনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের কৃতিত্বের কথা মনে করিয়ে দেন। তিনি দাবি করেন, এই শো আজ যে খ্যাতির চূড়ায় রয়েছে, তার সিংহভাগ অবদান তাঁর নিজের। রচনা বলেন, ‘এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটা ওদের (নতুন টিম ও সঞ্চালিকা) জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। ওদের এবার গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবাসীর কাছে প্রমাণ করে দেখাতে হবে যে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে! রচনা ছাড়া এই অনুষ্ঠান তাঁরা সফল করতে পারেন। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি।’

নতুন ‘দিদি’ স্বস্তিকাকে শুভেচ্ছা রচনার
নিজের জুতোয় পা গলাতে চলা সমসাময়িক ও দীর্ঘদিনের সহকর্মী স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতি অবশ্য কোনও ব্যক্তিগত ক্ষোভ রাখেননি রচনা। বরং তাঁর আগামী সফরের জন্য মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন।