Rain Forecast South Bengal Update। আকাশের মুখ ভার সকাল থেকে! আজ ৬ জেলায় ভারী বৃষ্টি

Spread the love

Rain Forecast South Bengal Update: আরও শক্তি বাড়িয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। আজ (শনিবার) এবং আগামিকাল (রবিবার) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। বিশেষত রবিবার তো সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বাকি আটটি জেলায় ভারী বৃষ্টিও হবে। সবমিলিয়ে শনিবার নিজের একটা ঝলক দেখাবে নিম্নচাপ। আর রবিবার নিজের স্বরূপ দেখাবে বলে মনে করছেন আবহবিদরা। সেই পরিস্থিতিতে গরমও কিছুটা কমবে।

আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির জন্য ওই ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ন’টি জেলাতেও মোটামুটি ভালোমতোই বৃষ্টি হবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আজ ঝড়ও দেবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

আগামিকাল ৭ জেলায় কমলা সতর্কতা, ভারী বৃষ্টি বাকি ৮টিতেও

রবিবার আবার ঝড়ের বেগ কিছুটা কমবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। কিন্তু বৃষ্টির দাপট বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আর ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি আটটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *