Adani Investment in Bengal: নিউ টাউনে কমপক্ষে ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ করেছে আদানি গোষ্ঠী। নবান্ন সূত্রের খবর, মুম্বই এবং আমদাবাদের পরে ভারতের তৃতীয় শহর হিসেবে আদানি গোষ্ঠী নিউ টাউনে একটি ‘হেলথ সিটি’ তৈরি করবে। আপাতত যা পরিকল্পনা, তাতে মার্কিন একটি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে ৫১ একর জমিতে সেই ‘হেলথ সিটি’ তৈরি করা হবে। যে জায়গা ইতিমধ্যে আদানিদের হাতে আছে। সেই পরিস্থিতিতে কোনওরকম বিলম্ব না করে দ্রুত কাজ এগিয়ে নিতে চাইছে আদানি গোষ্ঠী। পুজোর আগেই প্রকল্পের শিলান্যাস হয়ে যেতে পারে। যে প্রকল্পে প্রাথমিকভাবে ২,৫০০ কোটি টাকার মতো বিনিয়োগ করা হবে। পরবর্তীতে লগ্নির অঙ্কটা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর।
আদানি ‘হেলথ সিটি’ প্রকল্প
১) সূত্রের খবর, ওই ‘হেলথ সিটি’-র নাম হবে আদানি আরোগ্য মন্দির। নিউ টাউন অ্যাকশন এরিয়া টু’তে সেই হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।
২) নবান্ন সূত্রের খবর, প্রস্তাবিত আদানি আরোগ্য মন্দিরকে সুপারস্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। থাকবে ১,০০০টি বেড। তাছাড়াও মেডিক্যাল কলেজ থাকবে।
৩) আপাতত যা ঠিক আছে, তাতে ওই হাসপাতালের অর্ধেক বেডই সংরক্ষিত থাকবে সেইসব রোগীদের জন্য, যাঁদের বিনামূল্যে চিকিৎসা হবে।
৪) সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে, সরকারি বা অন্যান্য বেসরকারি হাসপাতালের বিকল্প হিসেবে আদানি আরোগ্য মন্দির তৈরি করা হচ্ছে না। বরং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে ফাঁকফোকর আছে, তা পূরণ করতেই বিশ্বমানের সুপারস্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হচ্ছে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে।
৫) সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি-নির্ভর স্মার্ট হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে আদানি আরোগ্য মন্দিরকে।

রোবোটিক সার্জারি থেকে অত্যাধুনিক চিকিৎসা
আর মার্কিন সংস্থা মেয়ো ক্লিনিকের সঙ্গে হাত মিলিয়ে আদানি গোষ্ঠী সেই হাসপাতাল তৈরি করবে বলে সূত্রের খবর। এমনিতে ওই সংস্থার সঙ্গে চুক্তি আছে আদানি গোষ্ঠীর। এবার ওই দুই সংস্থা হাত মিলিয়ে নিউ টাউনে সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি করবে। যেখানে রোবোটিক সার্জারি থেকে অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা করা হবে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে।
‘রাজ্যের বাইরে যেতে হবে না চিকিৎসার জন্য’
সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে, এমনভাবে ওই ‘হেলথ সিটি’ তৈরি করা হবে, যাতে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ভিনরাজ্যে পাড়ি দিতে না হয়। যে বিষয়টির উপরে নয়া বিজেপি সরকারও বারবার জোর দিয়েছে।