সোশ্যাল মিডিয়ায় আপাতত একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। বলা ভালো, ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে সেটি। যেখানে দেখা যাচ্ছে ভারতীয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে এমনভাবে হাত রেখেছেন বাংলাদেশের নায়ক শাকিব খান, যে তিনি রীতিমতো অস্বস্তিতে। শুধু তাই নয়, জ্যোতির্ময়ীকে হাত দিয়ে শাকিবের হাত তাঁর কোমর থেকে ছাড়িয়ে দিতেও দেখা গেল।
আপাতত বাংলাদেশের নায়ককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। নেটপাড়ার বড় অংশের মত, একজন পেশাদার অভিনেতার কাছ থেকে এই ধরনের আচরণ অনভিপ্রেত। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঢাকারউত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে নায়ক শাকিব খানের বিরুদ্ধে মুখ খুলেছেন সেই দেশের মানুষই।
তবে শুধু জ্যোতির্ময়ী নয়, শাকিবের আচরণে বিব্রত হতে দেখা যায় আরেক অভিনেত্রী, বাংলাদেশেরই নায়িকা তাসনিয়া ফারিণকে। যে ভিডিয়োগুলি সামনে আসছে, সেখানে দেখা যায় যে তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। ফারিণের চোখেমুখে অস্বস্তিবোধ করতে এবং তিনি বেশ কয়েকবার হাতটি সরানোরও চেষ্টা করেন, কিন্তু সরাতে পারেননি।
আর জ্যোতির্ময়ীর ক্ষেত্রে কোমরে শাকিব খানের হাত দেওয়ার একটি মুহূর্ত আলোচনায়। তবে এক্ষেত্রে অবশ্য জ্যোতির্ময়ী তাঁর ডান হাত দিয়ে, কোমরের বাঁ দিকে থাকা শাকিবের হাতটি সরিয়ে দিতে, নায়ক আর গায়ে ছোঁয়াননি। বরং হাতটি মুঠো করে কোমরের থেকে সামান্য দূরেই রাখেন।
আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়াও চলচ্চিত্রটিতে আরও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজ।

এমনিতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। অপু বিশ্বাস ও শবনম বুবলী-র সঙ্গে তাঁর লুকিয়ে বিয়ে করা, সন্তান গোপন রাখা, বিয়ে লুকিয়ে রাখতে স্ত্রীদের ‘বাধ্য করা’, কিছুই আর গোপন নেই। এদিকে যখন অপু আর বুবলী কে শাকিবের কতটা কাছের প্রমাণ করতে ব্যস্ত থাকেন নানান সাক্ষাৎকারে, তখন সেই দেশের বয়স কম এমন নায়িকাদের সঙ্গে নাম জড়াতে থাকে শাকিবের। এই ভিডিয়োর কমেন্ট সেকশনে সেই দেশেরই এক ব্যক্তি ম্তব্য করেছেন, ‘তৃতীয় বউের খোঁজে আছে’। আরেকজন লেখেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় লুচ্চা (খারাপ চরিত্র বোঝাতে চলতি ভাষা) নায়ক এটা। ভারতের সামনে মাথা হেট করল’। এদিকে ভাইরাল ভিডিয়োটি নিয়ে শাকিব বা জ্যোতির্ময়ী বা ফারিণ, কেউই এখনো মুখ খোলেননি।