Suspected Terrorists arrested in Bengal: ‘ পশ্চিমবঙ্গ থেকে সন্দেহভাজন পাকিস্তানি চরকে গ্রেফতার করা হল। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে ওয়াহাব আলম ওরফে রানা রউফ নামে ওই সন্দেহভাজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা খোঁজ মেলে আরও একজনের। সেই সূত্র ধরে কলকাতার তপসিয়া থেকে পাকড়াও করা হয়েছে মহম্মদ ইজাজ নামে এক ব্যক্তিকে। সম্ভবত ওয়াহাবের ‘শাগরেদ’ হিসেবে মহম্মদ ইজাজ কাজ করতে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে রাজ্য পুলিশের এসটিএফের তরফে কিছু জানানো হয়নি।
ISI-র হ্যান্ডলার ওয়াহাব, নেপাল থেকে ভারতে ঢুকেছিল
তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা অনুমান করছেন, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স) সঙ্গে যোগ ছিল ওয়াহাব। মূলত নেপাল থেকেই ‘কাজকর্ম’ চালাত আইএসআইএয়ের হ্যান্ডলার। তবে মাঝেমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতেও ঢুকত। সেরকমভাবেই কাকরভিটা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল।থাকত তপসিয়া এলাকায়। তৈরি করেছিল আধার কার্ড-সহ একাধিক ভুয়ো পরিচয়পত্র। সেই কাজে ওয়াহাবকে মহম্মদ সহায়তা করেছিল বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
টার্গেটে ছিল ভারতীয় সামরিক বাহিনী ও রেল পরিকাঠামো?
তদন্তকারীদের অনুমান, ওয়াহাবের টার্গেট ছিল ভারতীয় সামরিক বাহিনীর ছাউনি এবং রেল পরিকাঠামো। সেই নিয়ে তথ্য সংগ্রহ করে পাঠাত পাকিস্তানে। তাছাড়াও আরও কোনও নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষত স্বাধীনতা দিবসের প্রাক্কালে গ্রেফতার করা হওয়ায় সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
