Cristiano Ronaldo Marriage। লিওনেল মেসিদের ‘জামাই’ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Spread the love

Cristiano Ronaldo Marriage: আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসিদের ‘জামাই’ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরে আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পর্তুগালের তারকা। তাঁর ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পশ্চিম পর্তুগালের সৈকত শহর কাসকাইসে (রাজধানী লিসবনের কাছেই) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘তাঁদের পাঁচ সন্তানের উপস্থিতিতে একটি একান্ত ও অন্তরঙ্গ মুহূর্ত’ উদযাপন করা হয়েছে বলে পর্তুগিজ তারকার জনসংযোগ টিমের তরফে জানানো হয়েছে।

রোনাল্ডোদের বিয়ে কোথায় হচ্ছে? তা নিয়ে তুমুল জল্পনা চলে

আর সেই বিয়ের অনুষ্ঠান নিয়ে গত কয়েকদিন ধরেই পর্তুগালে তুমুল জল্পনা চলছিল। পর্তুগিজ মিডিয়ার বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল যে লিসবনের কাছে অবস্থিত ঐতিহাসিক শহর সিন্ট্রা বা রোনাল্ডোর জন্মস্থান মাদেইরার ফঞ্চালে বিয়ের আসরের আয়োজন করা হতে পারে। এমনকী বিয়ের অনুষ্ঠান হবে ভেবে গত সপ্তাহে ফঞ্চালের একটি চার্চে হাজার-হাজার মানুষ হাজির হয়েছিলেন। যদিও শেষপর্যন্ত লিসবনের ৩০ কিলোমিটার পশ্চিমের কাসকাইসকে বেছে নেন দম্পতি। যেখানে তাঁদের ভিলা আছে।

২০১৬ সালে মাদ্রিদে প্রেমের শুরু রোনাল্ডো ও জর্জিনার

আর রোনাল্ডো এবং জর্জিনার প্রেমের সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে। সেইসময় স্পেনের রাজধানী মাদ্রিদে একটি শোরুমে কাজ করতেন জর্জিনা। আর রিয়াল মাদ্রিদে খেলতেন রোনাল্ডো। জর্জিনা বলেছিলেন যে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। অর্থাৎ প্রথম দেখাতেই পর্তুগিজ তারকার প্রেমে পড়ে গিয়েছিলেন।

‘আমরা যেন চিরকাল ধরে চিনি একে অপরকে’

পরবর্তীতে ২০২৫ সালে ‘ভোগ অ্যারাবিয়া’-র একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রোনাল্ডোর সান্নিধ্যে আসার প্রায় সঙ্গে-সঙ্গে ‘এক ধরনের প্রশান্তি ও অবর্ণনীয় শক্তি’ অনুভব করেছিলেন, ‘যেন আমরা একে অপরকে চিরকাল ধরে চিনি’। আর সেই রেশ ধরে ঠিক এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সঙ্গে বাগদানের ঘোষণা করেছিলেন ৩২ বছরের মডেল। যিনি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন আর্জেন্টাইন। মা ছিলেন স্প্যানিশ। ছোটোবেলায় স্পেনে চলে আসেন জর্জিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *