বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সদ্য অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির এই দুই মুখ্যমন্ত্রীকে সদ্য দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইঙ্গিতবহ বার্তার আদান প্রদান করতে।
হিমন্ত তাঁর শপথ পাঠের দিনে শুভেন্দুর সঙ্গে হালকা মুহূর্তের ছবি শেয়ার করেন। এরই সঙ্গে শুভেন্দু অধিকারীকে তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ইঙ্গিতবহ বার্তায় লেখেন,’খারাপ দিন শুরু… (আপনি জানেন কার)’। এর উত্তর দিতে গিয়ে চুপ থাকেননি শুভেন্দুও। তিনিও এই পোস্টে হালকা মেজাজে জবাব দেন। শুভেন্দু লেখেন,’ ধারণা করার জন্য কোনও পুরস্কার নেই আমার মনে হয়।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সরকার দায়িত্ব নিতেই একের পর এক বড় ঘোষণা করেছে তাঁর সরকার। কিছুদিন আগেই তিনি জানিয়েছেন, বিএসএফ-কে রাজ্যের তরফে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে জমি হস্তান্তর হবে ৪৫ দিনের মধ্যে। এছাড়াও চাকরির ক্ষেত্রে রাজ্য সরকারি ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন। এদিকে, আজ শুভেন্দু অধিকারী সাফ জানান, বিল্ডিং প্ল্যানে অনুমোদন না থাকলে, সেখানের বিদ্যুৎ, জলের সংযোগ বিচ্ছিন্ন হবে। সদ্য তিলজলায় অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু ও ৩ জন আহত হওয়ার ঘটনার পরই এই পদক্ষেপের কথা বলেছেন শুভেন্দু। এছাড়াও রাজ্যে শিক্ষা, পুরো সংক্রান্ত দুর্নীতি মামলায় জড়িত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সিবিআইকে ছাড়পত্র দিয়েছেন শুভেন্দু। পাশাপাশি শুভেন্দু সরকার জানিয়েছে, ১ জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তারফলে রাজ্যের নথিভূক্ত মহিলা গ্রাহকরা ৩০০০ টাকা ভাতা পেতে চলেছেন। এদিকে, বার্ধক্যভাতার অঙ্কও বাড়িয়ে দিল শুভেন্দু-সরকার। বার্ধক্য ভাতার অঙ্ক ১০০০ টাকা করে দিত তৃণমূল শাসিত বঙ্গ সরকার। এবার নতুন সরকার সেখানে ২০০০ টাকা দিতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধী ভাতার অঙ্কও বাড়িয়ে দিয়েছে শুভেন্দু সরকার।
