পার্ক সার্কাসে ডিসি অফিসে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গতকালই পার্ক সার্কাসসেভেন পয়েন্টে জমায়েত করে একদল বিক্ষোভকারী। মাইকে নমাজ, কোরবানি সহ একাধিক বিষয় নিয়ে সরকারি নীতির বিরোধিতায় এই জমায়েত হয়। সেই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হয়। এই আবহে পুলিশ কড়া হাতে বিক্ষোভকারীদের দমন করে। এদিকে পাথর ছোড়ার ঘটনায় জখম হন বহু পুলিশকর্মী। তাঁদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী ডিসি অফিসে গিয়ে পুলিশের প্রশংসা করেন। সঙ্গে ধর্মের নামে বিক্ষোভ প্রদর্শন করা ব্যক্তিদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, ধর্মীয় স্লোগান তুলে কোনও বিক্ষোভ দেখালে তাঁর থেকে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না। শুভেন্দু জানান, পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে পার্ক সার্কাসে।
শুভেন্দু অধিকারী আজ জানান, হিংসায় জড়িত ৪০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এরই সঙ্গে তিনি জানান, পুলিশ কমিশনার নিজে এই মামলার ওপর নদরদারি চালাচ্ছেন। বিক্ষোভকারীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘আপনাদের শেষবারের মত হুঁশিয়ার করছি। এটাই যেন আপনাদের তরফ থেকে এই ধরনের শেষ ঘটনা হয়। আর যেন এমনটা না ঘটে আর।’ এদিকে শুভেন্দু বলেন, ‘আমি পুলিশের পাশে আছি। পুলিশের গায়ে হাত দেওয়ার বিষয়টিকে আমাদের সরকার কোনওমতেই তা মেনে নেবে না।’ তিনি বলেন, ‘কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও হয়ে যাবে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কেন্দ্রের কাছে আবেদন করব, এখানে যেন অতিরিক্ত সিআরপিএফ এখনও মোতায়েন থাকে, নয়ত আমাদের লোকবল একটু কম। এই তাণ্ডব করা মানুষদের নিয়ন্ত্রণ করা যাবে না। পার্ক সার্কাস সহ যেখানেই এই সব ঘটনা ঘটেছে, সেখানেই জিরো টলারেন্স নীতি সরকারের।’ তিনি আরও বলেন, ‘এটা আগের সরকারের মত নয়, পুলিশের হাত পা বেঁধে রেখে দেবে, এমন হবে না। পুলিশের গায়ে হাত দেলে আমরা শেষ পর্যন্ত যাব। পুলিশকে বলব, আপনারা আইন অনুযায়ী চলুন। কে কোন ধর্ম, কে কোন দল, কে কোন প্রভাবশালীর ঘনিষ্ঠ, এই সব দেখবেন না।’
