Suvendu PA Murder Investigation Update: ফাস্ট্যাগের পেমেন্টের লিঙ্কই কি শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক খুনে সেই ‘ক্লু’ হয়ে দাঁড়াবে? সেটার উত্তর ভবিষ্যতে মিলবে। তবে বালি টোলপ্লাজায় ফাস্ট্যাগের পেমেন্টের ইউপিআই পেমেন্টের লিঙ্কই এখন পুলিশের তুরুপের তাস হয়ে উঠতে চলেছে বলে সূত্রের খবর। তদন্তকারীরা মনে করছেন, যে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, সেটি সম্ভবত ঝাডখণ্ড থেকে আনা হয়েছিল। সেটি যখন বালি টোলপ্লাজা পার যাচ্ছিল, তখন ফাস্ট্যাগের মাধ্যমে টাকাও দিয়েছিল। আর সেই ইউপিআই পেমেন্টের (এখন জাতীয় সড়কের টোলপ্লাজায় অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক করেছে নরেন্দ্র মোদী সরকার) লিঙ্ক ধরে শুভেন্দুর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় দোষীদের কাছে পৌঁছাতে চাইছে পুলিশ। আপাতত অবশ্য কাউকে গ্রেফতার করা হয়নি।
চন্দ্রনাথকে গুলি করে খুন
গত বুধবার রাতে বুধবার রাতে মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন শুভেন্দুর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ (আদতে পূর্ব মেদিনীপুরের ছেলে হলেও এখন মধ্যমগ্রামে থাকতেন)। মধ্যমগ্রামে রাত সাড়ে ১০ টা থেকে ১১ টার মধ্যে তাঁর গাড়ি থামাতে বাধ্য করে আততায়ীরা। তারপর একেবারে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ এবং গাড়ির চালক বুদ্ধদেব বেরা। মৃত্যু হয় চন্দ্রনাথের। বুদ্ধদেবের চিকিৎসা চলছে।
গাড়ি নিয়ে পুলিশ কী বলেছে?
সেই রাতেই রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেন, ‘আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা একটি গাড়ি বাজেয়াপ্ত করেছি, যেটিকে অপরাধের জন্য ব্যবহার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে নম্বর প্লেট বিকৃত করা হয়েছে। যে গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছে, সেটা আসলে শিলিগুড়ির একটি গাড়ির। কিন্তু আসলে এটা বিকৃত করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ ও লাইভ রাউন্ড বাজেয়াপ্ত করেছি। আমরা যে তথ্য পেয়েছি, সেটা ধরে এগিয়ে চলেছি। আর এই মুহূর্তে আমি শুধু এই তথ্যগুলোই জানাতে পারি।’

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার ঘাসফুলের
তারইমধ্যে বিজেপি অভিযোগ করেছে যে ওই ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত আছে। যদিও তৃণমূলের তরফে বলা হয়, ‘আদর্শ আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও গত তিনদিন ধরে বিজেপি-সমর্থিত দুষ্কৃতকারীদের দ্বারা সংঘটিত নির্বাচন-পরবর্তী হিংসার ঘটনায় আরও তিনজন তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমরা এই বিষয়ে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করতে হবে।’