Suvndu’s warning at Falta: ফলতার দাঁড়িয়ে ‘পুষ্পা’ জাহাঙ্গীর খানের অনুগামীদের কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শনের (একদিন বাড়ানো হয়েছে) মধ্যেই মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিষ্কারভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একটু আগেই একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি চোখের জল ফেলতে-ফেলতে আমায় বলছেন যে আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। ডিজিপি সাক্ষী আছেন। স্বাধীন দেশে এই কথা শুনে আমাদের কষ্ট হয়।’
সবক শেখাবে বিজেপি সরকার, হুংকার শুভেন্দুর
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিয়ে গেলাম – ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমিলুট – আমরা কোনওটাই ভবিষ্যতে করতে দেব না। ভোটলুট তো অতীত হয়ে গিয়েছে। আপনারা নিশ্চিত থাকুন, যত মাফিয়া আর ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে।’
নাম না করে জাহাঙ্গীরের স্ত্রী’কে নিশানা শুভেন্দুর
সেই রেশ ধরে মঙ্গলবারের ঘটনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীরের স্ত্রী’র নেতৃত্বে মঙ্গলবার থানায় হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশনের মুখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। সেই ঘটনার কথা উত্থাপন করে শুভেন্দু বলেন, ‘এখানে কিছু লোক একজন মাফিয়ার স্ত্রী’র নেতৃত্বে পুলিশ এবং আধা-সামরিক বাহিনীকে আক্রমণ করতে গিয়েছিল।’

জেলের ভাত খাওয়ানোর সঙ্গে……কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
তারপর পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে এসপি সাহেব আছেন। আমি বলে গেলাম, ভিডিয়ো বা ছবিতে যতগুলোকে দেখা গিয়েছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার আওতায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় এমন শিক্ষা দিন, যাতে কোনওদিন পুলিশ, সরকারি কর্মচারী বা আধা-সামরিক বাহিনীকে আক্রমণ করার সাহস না রাখে। পুলিশমন্ত্রী হিসেবে আমি সেই নির্দেশ দিয়ে গেলাম। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলার কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’